ফিলিপাইনে
প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত
রোদ্রেগো দুতার্তে। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬০ লাখ ভোটে
এগিয়ে। এএফপি ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ৭১ বছর বয়সী রোদ্রেগো
দুতার্তে অনেক দিন দেশটির দক্ষিণের দাভাওয়ের মেয়র ছিলেন। তিনি অপরাধ ও
দারিদ্র্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভোটারদের দৃষ্টি কেড়েছেন। এর
প্রতিফলন ঘটেছে নির্বাচনে। আজ মঙ্গলবার সকালে নির্বাচনে বিপুল ভোটের
ব্যবধানে এগিয়ে থাকা দুতার্তে বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে, অত্যন্ত বিনয়ের
সঙ্গে জনগণের এই রায় মেনে নিচ্ছি। আমি ফিলিপাইনের জনগণের কাছে কৃতজ্ঞ।’
দুতার্তের নির্বাচনী প্রচারণাকে কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে
রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছেন।
তিনি তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোকে স্বৈরশাসক হিসেবে
উল্লেখ করে বলেন, ‘আমি কাজ শুরু করতে চাই। এখন অতীতের ক্ষত উপশম করার সময়।’
দুতার্তে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর অগ্রাধিকারভিত্তিক কাজ হবে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা। মাদক ব্যবসায়ীদের তিনি হত্যা করতেও প্রস্তুত বলে
জানালেন। তিনি বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাব, লোকে যদি
আমাকে জল্লাদ বলে, তবু।...আমি জনগণকে পচে মরতে দেব না।’ দুতার্তে
দুর্নীতিবাজ পুলিশদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন,
‘পুলিশের লোক হলে নিজের দায়িত্বটুকু পালনে অবিচল থাকুন। এর বাইরে যেতে হলে
হয় আমাকে হত্যা করতে হবে, নইলে আমি হত্যা করব।’ গতকাল সোমবার ফিলিপাইনে
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনের ফলে দেখা গেছে, দুতার্তে
৩৮ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মার রোজাস ২৩ দশমিক ১৬
শতাংশ এবং সিনেটর গ্রেস পো ২১ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়েছেন। ফিলিপাইনে যিনি
বেশি ভোট পান, নিয়ম অনুযায়ী তিনিই প্রেসিডেন্ট হন। আগামী ৩০ জুন দেশটির
পরবর্তী প্রেসিডেন্ট শপথ নেবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment