Sunday, May 8, 2016

হরতালকারীদের আদালতে তলবের আহ্বান হাছানের

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিচারপতিদের নিয়ে কথা বললে আদালত অবমাননা হয়, মন্ত্রী-এমপিদেরও আদালতে তলব করা হয়। আদালতের রায়ের বিরুদ্ধে যে হরতাল ডাকা হলো, তা কি আদালত অবমাননা নয়? আদালত কোনো ক্ষেত্রে সরব, কোনো ক্ষেত্রে নীরব, এটা মানুষ দেখতে চায় না। অবিলম্বে হরতালকারীদের আদালতে তলব করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আজ রোববার সকালে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় অবিলম্বে কার্যকর ও জামায়াতের অবৈধ হরতালের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলে হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে যে হরতাল হচ্ছে, তা বোঝার কোনো উপায় নেই। গতকাল শনিবার দেশের কয়েকটি অনলাইন মিডিয়া ও পত্রিকা যদি জামায়াতের হরতালের খবর না প্রকাশ করত, তাহলে দেশের মানুষ জানতই না যে আজ হরতাল। কোনো গোষ্ঠী বা দলের দাবির ভিত্তিতে নয়, একাত্তরে সংঘটিত অন্যায়ের প্রতিকারের জন্যই আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করছে। অনেকে বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছিল, তারাই আবার রায় কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশ্রয়ে বিদেশি হত্যা, ইমাম-পাদরি হত্যা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেত্রীর আঁচলের তলা হচ্ছে বিদেশি হত্যাকারী, ইমাম হত্যাকারী ও বোমাবাজদের আস্তানা।’ ‘২০১৯ সালেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি নেত্রী আলোচনায় থাকার জন্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করেছেন’—উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘নোংরা কথা বলবেন না। আপনার সম্পর্কে নোংরা অথচ সত্য অনেক কথাই আমাদের জানা আছে। সেসব কথা আমাদের বলতে বাধ্য করবেন না।’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।

No comments:

Post a Comment