Tuesday, May 10, 2016

নিম্ন আদালতের বিচারকদের প্রতি কড়া বার্তা by দীন ইসলাম

নিম্ন আদালতের বিচারকদের কাছে কড়া বার্তা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ওই বার্তায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য অনুসরণীয় নীতিমালা ঠিকভাবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, বিচারকদের নিরপেক্ষ ও নির্মোহভাবে বিচারকাজ পরিচালনা করতে হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট এবং কঠোর। শৈথিল্য প্রদর্শন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই বিচারকদের ফোনে বা অন্য কোনো উপায়ে প্রভাবিত করার অপচেষ্টা থেকে সব মহলকে বিরত থাকার অনুরোধ করা হলো। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে নিম্ন আদালতের বিচারকদের এসব নির্দেশনা দিয়ে গত ২৭শে এপ্রিল আইন ও বিচার বিভাগের সচিব, দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ, দেশের অন্য সব জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের চিঠি সম্পর্কে জানতে বিচার প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করা হলে তারা এ বিষয়টি স্বীকার করেছেন। সুপ্রিম কোর্টের চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল পরিদর্শনকালে দুই একটি স্থানে কোনো কোনো মহল কর্তৃক বিচারককে বিভিন্নভাবে প্রভাবিত করার কিছু অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সংখ্যা অতি নগণ্য হলেও সুপ্রিম কোর্ট কর্তৃক বিষয়টিকে অত্যন্ত গুরুতর বিবেচনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম হাতে নিয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে রাষ্ট্রে বা সমাজে সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে আদালতগুলোর সৃষ্টি হয়েছে। প্রচলিত আইন ও ন্যায়নীতির ভিত্তিতে পক্ষগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করাই সব বিচারকের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে বিচারকরা প্রধানত আইনের বিধান অনুসরণ করে চলবেন। কিন্তু শুধুমাত্র আইন অনুসরণ করাই যথেষ্ট নয়। বিচারকরা নিরপেক্ষ ও সব ধরনের প্রভাব থেকে মুক্ত এরূপ একটি ভাবমূর্তি বিচারপ্রার্থীসহ জনগণের কাছে উপস্থাপিত হওয়া অত্যাবশ্যক। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য অনুসরণীয় নীতিমালা, ১৯৯৮ এ বিচারকদের নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনায় বাংলাদেশের সংবিধান ও আইনের সার্থক প্রয়োগ ও প্রতিফলন ঘটানো এবং কোনো ব্যক্তি বিচারককে প্রভাবিত করতে পারেন বা সুপারিশ করতে পারেন; জনমনে এরূপ কোনো ধারণা সৃষ্টি হওয়ার সুযোগ না দেয়ার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এমন অবস্থায়, সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য অনুসরণীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে বিচারকদের নিরপেক্ষ নির্মোহভাবে বিচারকার্য পরিচালনা করার জন্য এবং বিচারকদের ফোনে বা অন্যবিধভাবে প্রভাবিত করার যে কোনরূপ অপচেষ্টা থেকে সব মহলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবস্থান এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কালবিলম্ব না করে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না।

No comments:

Post a Comment