Sunday, May 8, 2016

শিশুশ্রম by রকিবুল হক সায়েম

দেশের আইনে শিশুশ্রম নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও কমছে না শিশুশ্রমিকের সংখ্যা। বরং তাদের সংখ্যা যেন দিনদিন বাড়ছে। পাশাপাশি বাড়ছে শিশুশ্রমিকের আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সংখ্যাও। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) সম্প্রতি বলেছেন, বর্তমানে ৫ থেকে ১৭ বছর বয়সী সাড়ে ৩৪ লাখ শিশুশ্রমিক রয়েছে। সংসদে সরকারি দলের সদস্য মো. শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিশুশ্রম নিরসনকল্পে সরকার ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১৩’ প্রণয়ন ও বাস্তবায়ন করছে। শিশুশ্রমিকেরা চোরাচালান, যৌনকর্ম, কারখানার কাজ, পরিবহন, ময়লা-আবর্জনা সংগ্রহ, মাদক ও অস্ত্র বহন, ইটভাটা, জাহাজভাঙা, পাথরভাঙা প্রভৃতি কাজ করছে। এসব কাজ শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর, এমনকি এতে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। উচ্চবিত্ত পরিবারগুলোতে প্রায়ই গৃহকর্মীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এমনকি হত্যার ঘটনাও কম নয়। এ থেকে সহজেই শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিশুশ্রমের সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে ছিন্নমূল পথশিশু। তাদের খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা নেই। দেশে পথশিশুর সংখ্যা প্রায় ৩ লাখ ৮০ হাজার। যাদের বড় অংশ বাস করে মহানগরে। এসব পথশিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ অনুমোদন করে। বাংলাদেশ ১৯৯০ সালের ৩ আগস্ট ওই সনদে অনুসমর্থন দেয়। শিশুশ্রম বন্ধে সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। আমরা চাই, শিশুশ্রম দেশ থেকে পুরোপুরি বিদায় নিক। চট্টগ্রাম।

No comments:

Post a Comment