Sunday, June 19, 2016

রাষ্ট্র আইন নিজ হাতে তুলে নিচ্ছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি সুলতানা কামাল বলেছেন, সুশাসনের অভাব থাকলে পদে পদে মানবাধিকারের লঙ্ঘন হয়। রাষ্ট্র এখন কোন কিছুর তোয়াক্কা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ নামের একটি উদ্যোগের আত্মপ্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র কোনো সমস্যা সমাধান করতে গেলে  ছোটখাটো পথ খুঁজছে। অন্যদিকে মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, ফতোয়ার মাধ্যমে অমানবিক কার্যক্রমকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, ক্রসফায়ার হওয়ার পর মানুষ আমাদের বলছে, আপনারা কেন কথা বলছেন। তিনি বলেন, যাদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করেছে তাই তাদের কোন মানবাধিকার নেই। যেনতেনভাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে সমাজে এমন একটা বোধ চলে এসেছে। এটা কোন আধুনিক, গণতান্ত্রিক, সুশাসনসম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য নয়। সুলতানা কামাল আরও বলেন, সুশাসনের অভাবের একপর্যায়ে সমাজে হতাশা তৈরি হয়। উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ দেশের বিশিষ্ট নাগরিক ও বেসরকারি সংস্থার উদ্যোগে গঠিত একটি মঞ্চ। এটি জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে কাজ করবে। যার আহ্বায়ক  সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলোড. দেবপ্রিয় ভট্টাচার্য।

No comments:

Post a Comment