Monday, June 20, 2016

জো কক্সের সম্মানে কমন্সে বিশেষ অধিবেশন

ব্রেক্সিট গণভোট নিয়ে বৃটেন যখন বিভক্ত তখন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন লেবার দলের নিহত এমপি জো কক্স। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রচলিত রীতি ভেঙে হাউজ অব কমন্সের বিশেষ অধিবেশন বসছে আজ। এতে যোগ দেবেন সব দলের এমপিরা। ব্রেক্সিট নিয়ে গণভোট যখন একেবারে দোরগোড়ায়, তার মাত্র দুদিন আগে বিরল এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ওই অধিবেশনে রক্ষণশীল দল, লেবার, স্কটিশ ন্যাশনাল পার্টি, লিবারেল ডেমোক্রেট সহ সব দলের এমপিদের মিলেমিশে বসে অংশ নেয়ার জন্য অনুমতি চেয়েছেন কোলনি ভ্যালি থেকে নির্বাচিত টরি দলের এমপি জ্যাসন ম্যাককার্টনি। এ বিষয়ে তিনি স্পিকার জন বারকাউয়ের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তিনি ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, বন্ধু ও সহকর্মী জো কক্সের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। ওই এলাকায় আমরা চারজন এমপি ছিলাম। আমরা স্থানীয় ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আজ আমাদের একত্রে ট্রেনে সফর করে বৃহস্পতিবার ফেরার কথা ছিল। আমাদের সাক্ষাৎ হতো প্রতিদিনই। জো সফলতা অর্জনের জন্য যেকোন দলের সঙ্গে কাজ করতে সব সময়ই আগ্রহী ছিলেন। এমনই ছিলেন জো। উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ায় মানবিক সহায়তা দেয়ার ইস্যু নিয়ে জো কক্সের সঙ্গে কাজ করছিলেন ম্যাককার্টনি। এ বিষয়ে তিনি বলেন, আমরা সব সময়ই এক হয়ে কাজ করেছি। আমাদের মধ্যে রক্ষণশীল দল বা লেবার দল নিয়ে কোন বিভক্তি ছিল না। আমরা ছিলাম পার্লামেন্টারিয়ান একটি পরিবারের সদস্য। তাই আমরা একত্রে বসতে চাই। বিশ্বকে দেখাতে চাই আমাদের মধ্যে কোন ঘৃণা নেই। আমরা একত্রিত। উল্লেখ্য, আজ পার্লামেন্টে জো কক্সের ওপর শ্রদ্ধা জানাতে যে অধিবেশন আহ্বান করা হয়েছে তাতে তিনি ও অন্য এমপিরা পোশাকের ওপর সাদা গোলাপ বহন করার পরিকল্পনা করছেন। এই সাদা গোলাপ জো কক্সের ইয়র্কশায়ারে ভীষণ জনপ্রিয়। অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের। এ বিষয়ে ম্যাককার্টনি বলেন, মানুষ যখন দেখবে সব দলের এমপিরা এক হয়ে বসেছেন তখন তা এক চমৎকার প্রতীকে পরিণত হবে। পার্লামেন্টে আজকের অধিবেশনকে সামনে রেখে কমন্সের নেতা ক্রিস গ্রেলিং বলেন, এদিন প্রথাগত দলীয় রাজনীতি থাকবে যোজন যোজন দূরে। সব দলের এমপি মিলেমিশে বসার প্রস্তাবে সমর্থন দেবেন বলেও উল্লেখ করেন তিনি। জো কক্সের স্মরণে চার্চে অনুষ্ঠান: গতকাল প্রয়াত জো কক্সের স্মরণে তার নির্বাচনী এলাকা বার্স্টলের সেন্ট পিটার্স চার্চে স্মরণসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রেভারেন্ড পল নাইট। তিনি বলেন, ‘মিসেস কক্স ছিলেন দরিদ্র আর নিপীড়িতদের জন্য আন্তরিক কণ্ঠ।’ গতকালও বৃটেনের রাজনৈতিক অঙ্গনের দলমতনির্বিশেষে বিভিন্ন রাজনীতিকদের তরফ থেকে আসতে থাকে শ্রদ্ধাবার্তা। জাস্টিস সেক্রেটারি মাইকেল গোভ বিবিসির এক অনুষ্ঠানে বলেন, মিসেস কক্স এমন একজন মানুষ ছিলেন যেমনটা আমরা চাই আমাদের মেয়েরা বড় হোক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার নেতা জেরেমি করবিন। তিনি বলেন, ‘আমাকে যেটা আলোড়িত করেছে সেটা হলো মানুষের একতা। যা ঘটেছে তার বেদনায় একসঙ্গে উপস্থিত হয়েছে সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষ।’জো কক্সের ছোট বোন কিম লিডবিটার বলেন, তার বোনের প্রতি মানুষ যেমন শ্রদ্ধা দেখিয়েছে তাতে ‘সত্যিকারের একটা পার্থক্য গড়ে দিয়েছে’। আর এটা ‘অন্ধকার এক সময়’ পার করতে পরিবারকে সাহায্য করবে। অনুষ্ঠানে ৭৭ বয়সী বার্নার্ড কেনির প্রতিও শ্রদ্ধা জানানো হয় যিনি, জো কক্সের ওপর হামলার সময় সাহায্যে এগিয়ে এসেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, প্রয়াত এমপি জো কক্সের নামে একটি স্মৃতি তহবিল গঠন করা হয়েছে যেখানে উত্তোলিত হয় প্রায় ৬ লাখ পাউন্ড। জো’র স্বামী ব্রেন্ডন কক্স জানিয়েছেন, শুভাকাঙ্ক্ষীদের অনুদানে গঠিত এই তহবিলের অর্থ দিয়ে তার স্ত্রীর অত্যন্ত পছন্দের তিনটি জনসেবামূলক উদ্যোগকে সহায়তা করা হবে। এগুলো হলো- দ্য রয়াল ভলান্টারি সার্ভিস, হোপ নট হেট এবং দ্য হোয়াইট হেলমেটস।

No comments:

Post a Comment