সাধারণত ঈদ এলেই ঈদের বিশেষ বিশেষ নাটক
টেলিফিল্মে অভিনয় করেন চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন। সেই ধারাবাহিকতায়
এবারের ঈদেও তিনি বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন। পাশাপাশি
চ্যানেল আইয়ের জন্য তিনি নির্মাণ করছেন ছোট কাকু সিরিজ কুয়াকাটায় কাটাকাটি।
আসছে ঈদ উপলক্ষে ইমরাউল রাফাতের নির্দেশনায় আফজাল হোসেন অভিনয় করেছেন ঈদের
বিশেষ নাটক ষড়ঋতু। এতে তিনি একজন পেইন্টারের চরিত্রে অভিনয় করেছেন। তারই
বিপরীতে তারই কাজের প্রেরণা হিসেবে অভিনয় করেছেন অবন্তিকা চরিত্রে লাক্স
সুপারস্টার মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত ৬ জুন রাজধানীর অদূরে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে কাজ করা
প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, এখন তো আসলে আমি নিয়মিত অভিনয় করি না। ঈদ এলেই
সাধারণত অভিনয় করি। সেটা আবার বিশেষ কারণে, নানাবিধ বিষয় উপভোগ করার চেষ্টা
করি। যেমন তরুণ প্রজন্মের কাজের ধরনটা বোঝার জন্য তাদের কাজের সাথে নিজেকে
সম্পৃক্ত রাখি।
অন্য দিকে মেহজাবিন এই প্রজন্মের তরুণ মেধাবী অভিনেত্রী,
চমকে দেয়ার মতোই অভিনয় করে সে। সব মিলিয়ে নতুন নতুন মানুষের সাথে কাজের
মাধ্যমে সম্পৃক্ত থাকার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। মেহজাবিন চৌধুরী বলেন,
আফজাল স্যারের কথা এত শুনেছি যে, যখন তার সাথে কাজ করতে গিয়েছি তখন যে
মানুষটি সম্পর্কে এতদিন শুনে এসেছি সেই মানুষটির সাথেই আমি অভিনয় করছি,
বিশ্বাসই হয়নি। কাজ করতে গিয়ে দেখেছি তিনি খুব ছোট ছোট ধারণা পরিচালকের
সাথে শেয়ার করেছেন, যা নাটকের পুরো বিষয়কে আরো সুন্দর করে দিয়েছে। আমি
উপলব্ধি করলাম একজন সত্যিকারের মেধাবী পরিচালককে, অভিনেতাকে এবং সর্বোপরি
একজন মানুষকে। হয়তো এ জীবনে আর তার সাথে অভিনয় নাও করা হতে পারি; কিন্তু যা
করেছি এটাই আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। ষড়ঋতু নাটকের গল্প ইমরাউল
রাফাতের এবং চিত্রনাট্য করেছেন শিবু কুমার শীল। আসছে ঈদে এনটিভিতে প্রচার
হবে আফজাল হোসেন ও মেহজাবিন চৌধুরী অভিনীত এ নাটকটি।

No comments:
Post a Comment