Friday, June 10, 2016

প্রধানমন্ত্রীর বিমান অবতরণে বিলম্ব, দুই প্রকৌশলী বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান অবতরণে বিলম্ব করার ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলো প্রকৌশল শাখার কর্মী (প্রকৌশলী) রফিকুল ইসলাম ও সোহেল আক্তার। এর আগে ঘটনার পরপরই বিমানবন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষেও এক কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
গত মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিকে যথাসময়ে নামতে দেয়া হয়নি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ধাতব টুকরা পড়ে থাকার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আকস্মিকভাবে বন্ধ কওে দেয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ৩৭ মিনিট আকাশে উড়ে। পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রানওয়ে পরিষ্কার করার পর বিমানটি অবতরণ করে। এ ঘটনার তদন্তে বুধবার পৃথক তিনটি কমিটি গঠন করা হয়। এর একটি বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক কমিটি গঠন করে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের প্রকৌশল শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তিনটি কমিটিই কাজ শুরু করেছে। তদন্তের শুরুতেই দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে প্রকৌশল শাখার দুই কর্মী রফিকুল ইসলাম ও সোহেল আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিমানটি অবতরণের আগে সৌদিআরবগামী বিমানের আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ওড়ার সময় এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রানওয়েতে এর ধাতব টুকরা ছড়িয়ে পড়ে। নিয়ম অনুযায়ী, চলন্ত অবস্থায় ত্রুটির কারণে কোনো উড়োজাহাজের উড্ডয়ন বাতিল হলে প্রকৌশলীরা রানওয়ে পরিদর্শন করার পরে সেটি চালু করেন। কিন্তু সেদিন এ নিয়ম মানা হয়নি। রানওয়েতে পড়ে থাকা ধাতব টুকরোর কারণে যে কোনো বিমান অবতরণের সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

No comments:

Post a Comment