প্রকাশ্য দিবালোকে পুলিশ সুপার বাবুল
আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় শাহজামান ওরফে রবিন (২৮)
নামে এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রবিনই সিসি ক্যামেরার
ফুটেজে ধরা পড়া অনুসরণকারী যুবক ও ঘটনার ‘মূল হোতা’। ঘটনার সময় মিতু তার
সন্তান মাহিরের হাত ধরে গলির মুখে এসে পৌঁছান। ঠিক এর ১৫ সেকেন্ড পর
বিপরীত প্রান্তে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে আগে থেকে অপেক্ষায় থাকা
এক যুবক মোবাইলে কথা বলতে বলতে তাকে অনুসরণ করে পেছন পেছন হাঁটতে থাকে। ৬টা
৩২ মিনিট ১৪ সেকেন্ডে তিনি ওয়েল ফুডের সামনে পৌঁছানোর সাথে সাথে ১
সেকেন্ডের ব্যবধানে পেছন থেকে দৌঁড়ে মিতুর দিকে এগিয়ে যায় ঘাতক। ঠিক একই
সময়ে মোটরসাইকেল নিয়ে আগে থেকেই নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দুই
যুবক মিতুর ওপর হামলা করে। রবিন নামের এই যুবককে আজ শনিবার সকালে পুলিশ
নগরীর বায়েজিদ থানার শীতলঝর্ণা এলাকা থেকে গ্রেফতার করে। রবিন কুমিল্লার
লাকসাম উপজেলার হাজীপুর গ্রামের ফকিরবাড়ির মো: শাহজামান ও মমতাজ বেগমের
ছেলে। পড়াশোনা করেছে অষ্টম শ্রেণী পর্যন্ত। তাকে জিজ্ঞাসাবাদকারী পুলিশের
এক কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে পেছন থেকে রবিন মোবাইলে খুনিদের
টার্গেট দেখিয়ে দেয়। মিতু হত্যার রহস্য উন্মোচনে আটক রবিনকে বড় সূত্র গণ্য
করা হচ্ছে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, রবিনের বিষয়ে
বিস্তারিত তথ্য চেয়ে লাকসাম থানায় জিডি করা হয়েছে। রোববার এ হত্যা মামলায়
শাহ জামানকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন
পুলিশ কমিশনার ইকবাল বাহার সংবাদ সম্মেলনে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা
যাওয়া যুবকের সাথে রবিনের অনেক মিল আছে, ফুটেজ একেবারে স্পষ্ট নাহলেও
অন্যান্য তথ্যেও এই যুবকই ফুটেজে দেখা যাওয়া যুবক বলে মনে হচ্ছে, তার
সম্পর্কে আরো খোঁজখবর নেয়া হচ্ছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইকবাল বাহার বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মোবাইল ফোনে কথা বলতে
বলতে মিতুর দিকে হেঁটে যাওয়া যুবক সন্দেহে শাহজামানকে আটক করা হয়েছে, এই
যুবকই সম্ভবত মোটরসাইকেল আরোহী অপর দু’জনের সাথে মিলে মিতুকে ছুরিকাঘাত ও
গুলি করেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। গোয়েন্দা কর্মকর্তারা নয়া
দিগন্তকে বলেছেন, ফুটেজের সঙ্গে যার চেহারা হুবহু মিলে গেছে এমন একজন
শাহজামান ওরফে রবিন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে
হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে সিএমপি
কমিশনার বলেন, যদি ভিডিও ফুটেজের যুবক রবিন হয়, তাহলে হয়তো সে কোন মতাদর্শে
বিশ্বাসী অথবা ভাড়াটে হিসেবে সে খুন করেছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি।
যতক্ষণ
একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছাতে না পারব ততক্ষণ সুনির্দিষ্টভাবে বলা
সম্ভব নয় রবিনই মূল খুনি। তবে আমরা সন্দেহ করছি। হতে পারে সে কারও পক্ষে
কাজ করেছে। হয়তো আর্থিক লাভের জন্য করেছে। অথবা কেউ তাকে ভাড়া করে ঘটনাটি
ঘটিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ৬টা ৩৩ মিনিট ০৫ সেকেন্ডে খুনিরা কাজ শেষ
করে মোটরসাইকেলে চেপে বসে। তবে মোটরসাইকেলটি চালু হতে সময় নেয় ১৯ সেকেন্ড।
৬টা ৩৩ মিনিট ২৪ সেকেন্ডে তিন খুনি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যে
মোটরসাইকেল চালাচ্ছিল, তার মাথায় ছিল হেলমেট। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫। তার
পেছনে বসা দু’জনের মধ্যে মাঝখানের যুবকের হাতে ছিল ছুরি। আর পেছনে বসা
তৃতীয়জনের হাতে ছিল পিস্তল। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন এই তৃতীয়জনই ছিল
আটক রবিন। মিতু হত্যায় আলকায়েদার নিন্দা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের
উত্তরে সিএমপি কমিশনার বলেন, ‘হয়তো তারা (আলকায়েদা) একজন ধার্মিক মহিলার
মৃত্যুর দায়ভার নিতে চাচ্ছে না তাই নিন্দা করছে, আবার ঘটনা আড়াল করার জন্যও
এমনটি করতে পারে’। হত্যাকাণ্ডের পুরো রহস্য নিয়ে বলার মতো সময় এখনো আসেনি
বলে মনে করেন ইকবাল বাহার। প্রসঙ্গত, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে
দিতে যাওয়ার সময় নগরীর ওআর নিজাম রোডের জিইসি মোড়ে দুর্বৃত্তদের উপর্যুপরি
ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা
খানম থমিতু।

No comments:
Post a Comment