Sunday, June 12, 2016

হারের প্রতিশোধ নিতে চান নাসির

রোববার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স রাউন্ড। প্রথম দিনে বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে নামছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। লিগ পর্বের প্রথম রাউন্ডে আবাহনীর বিপক্ষে হার মানতে হয়েছে দোলেশ্বরকে। তাই আজকের ম্যাচটি এক অর্থে দোলেশ্বরের জন্য প্রতিশোধের ম্যাচে। আর এই ম্যাচটিতেই আবাহনীর বিপক্ষে জিততে মুখিয়ে আছেন দোলেশ্বরের দলপতি অলরাউন্ডার নাসির হোসেন। শনিবার মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেছে প্রাইম দোলেশ্বর। ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমে নিজেদের লক্ষ্যের কথা জানান নাসির হোসেন।
আবাহনীর বিপক্ষে ম্যাচ জিতে আগের হারের শোধ নিতে চান এই অলরাউন্ডার। তার কথায়, ‘লিগ পর্বে আমরা আবাহনীর বিপক্ষে হেরেছিলাম। তাই কালকের ম্যাচটা জিততে চাই। ওই ম্যাচে আমাদের খুব বেশি ভুল ছিল না। তারপরও ক্রিকেটে অনেক সময় ভাগ্য লাগে। যেটা হয়ত ঐ দিন আমাদের সঙ্গে ছিলনা। সুপার লিগের ম্যাচে যারা ভালো করবে তারাই জিতবে।’ আবাহনীর মতো দলের বিপক্ষে খেলা অনেক সময় যে কোনো দলের জন্য চাপ হয়ে দাড়ায়। কিন্তু এই চাপকে প্রাধান্য দিতে চান না নাসির। এই অলরাউন্ডার মনে করেন, ‘আমাদের কাজ খেলা, সবসময় সেরাটা দেয়ার চেষ্টা করি আমরা। অন্যান্য টিমের সঙ্গে যে রকম প্রস্তুতি থাকে আবাহনীর সঙ্গেও তাই। আবাহনী দেশের বড় একটি ক্লাব। তাই তাদের বিপক্ষে খেলাটাই একটু বেশি ফোকাস হয়। কিন্তু আমরা যারা ক্রিকেটার তারা তেমন কিছু মনে করছি না।’ এবারই লিগটা এমন হলো যে, যেকোনো দলের জন্য সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। সুপার সিক্সের দলগুলোর পয়েন্ট টেবিলের দিকে তাকালেই সেটি স্পস্ট। কেউ কারো চেয়ে খুব বেশি একটা পিছিয়ে নেই। এ বিষয়ে নাসির বলেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দরজা সব দলের জন্য খোলা রয়েছে। পাঁচটা করে ম্যাচ আছে। যারা বেশি ম্যাচ জিততে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। সাথে সাথে ভাগ্যেরও কিছুটা সহায় লাগবে।’

No comments:

Post a Comment