Saturday, August 13, 2016

প্রমাণ আছে চিঠির জবাব দেবো

চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির বলেছেন, ৫ শতাংশ করে দিলে চট্টগ্রামের বাজেট ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা করা যেতো বলে ক্ষোভ প্রকাশ করে যে বক্তব্য দিয়েছেন তা প্রমাণ নিয়েই বলেছেন।
একই সঙ্গে ঘুষ নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব আগামী ৭ দিনের মধ্যে দেবেন বলে জানিয়েছেন তিনি।
বলেছেন, আমি জেনে শুনেই প্রমাণ নিয়ে কথা বলেছি। আগামী রোববার এই নিয়ে করপোরেশন অফিসে বসবো।
তিনি বলেন, যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম। এখানে মিথ্যা কিছুই বলিনি। দায়িত্ব নিয়েই বলেছি। আজ ও কাল অফিস বন্ধ। রোববার সকালে বসে চিঠির খাম খুলে জবাব দেয়ার চেষ্টা করবো।
তিনি গতকাল বিকালে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক্স ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এই সময় মেয়র বলেন, আমি আজ সকালে ঢাকা থেকে এসেছি। শনিবার অফিস বন্ধ। খোলার দিন অফিসে যাবো। গিয়ে দেখবো। অফিসিয়ালি যেটি করার সেটি করবো। সাতদিনের মধ্যে অবশ্যই চিঠির জবাব দেবো। এটা তো অফিসিয়াল নর্মস।
কোন মন্ত্রণালয় কোন প্রকল্পে ঘুষ দাবি ও কোন যুগ্ম সচিব পাজেরো জিপ চেয়েছেন জানতে চাইলে সিটি মেয়র বলেন, যখন উত্তর দিবো, সেখানে সব থাকবে। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। খোলাসা হয়ে যাবে। 
তিনি বলেন, আমি দায়িত্বশীল লোক। দায়িত্বশীল পদে আছি। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে এ শহরের দায়িত্বভার দিয়েছেন। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার উনার নিজের। তার পক্ষ হয়ে উন্নয়ন কাজগুলো আমি বাস্তবায়ন করছি। উন্নয়ন নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমি জীবন দিয়ে হলেও উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করবো।
আ জ ম নাছির উদ্দীন বলেন, দায়িত্বপালনে চুল পরিমাণ কেউ কোন প্রশ্ন উত্থাপন করতে পারবে না। শতভাগ স্বচ্ছতা, সততা ও জবাবদিহির মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করে নগরবাসীর আস্থা অর্জন করেছি। নগরবাসীর প্রত্যাশা আমার ওপর অনেক বেশি। এ প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
নাসির বলেন, কেউ যদি এ নিয়ে প্রশ্নের অবতারণা করে তাহলে আমি মনে করবো অপরাধ কর্মকাণ্ড যারা করেন তাদের রক্ষা করা বা আড়াল করা। অপরাধ যে করবে সে অপরাধী। আমি করলে আমিও অপরাধী। আমিও আইনের ঊর্ধ্বে নই।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঘুষ না দেয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনে বরাদ্দ কম দেয়া হয়েছে বলে যে অভিযোগ মেয়র গত বুধবার তুলেছেন আগামী সাত দিনের মধ্যে তার প্রমাণ চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে মেয়র নাছিরকে ওই সময় বেঁধে দিয়ে তার অভিযোগের প্রমাণ চাওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এ বিষয়ে বলেছেন, তাকে ব্যাখ্যা দিতে হবে। হি মাস্ট এক্সপ্লেইন ইন, পরিষ্কার কথা।
গত বুধবার চট্টগ্রামে এক সভায় নাছির বলেন, দাবি মতো কর্মকর্তাদের ঘুষ দিলে যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত, সেখানে তা না দেয়ায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা।

No comments:

Post a Comment