Thursday, August 11, 2016

আমার ফেসবুক অ্যাকাউন্টই নেই: পাপিয়া

ফেসবুকে নিজের কোনো আইডি নেই বলে দাবি করেছেন বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়া। বিএনপিকে ‘সার্কাস পার্টি’ উল্লেখ করে তার নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসের প্রেক্ষিতে পরিবেশিত সংবাদ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। আজ দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে পাপিয়া বলেন, ফেসবুকে আমার কোনো আইডি নেই। সেখানে কোনো স্ট্যাটাস দেওয়ার প্রশ্নই আসে না। ভুয়া আইডি খুলে আমার নামে মনগড়া স্ট্যাটাস দিয়ে কিছু সংবাদপত্র ও কোনো কোনো টেলিভিশনের সংবাদ প্রকাশ করা ষড়যন্ত্রেরই অংশ। তিনি বলেন, দলে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। ছাত্রজীবন থেকে এ যাবতকাল আমার জীবনে যতোটুকু সম্মান মর্যাদা প্রাপ্তি ঘটেছে, তার সকল অবদানই বেগম খালেদা জিয়ার। দলের পদ-পদবী পাওয়া না পাওয়ার ওপর দল করার এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করা নির্ভর করে না। খালেদা জিয়া যেখানে উপযুক্ত মনে করেছেন সেখানেই আমাকে রেখেছেন। সেখানেই আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে অতীতে যেভাবে দল করেছি আগামীতেও ঠিক সেভাবে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তিনি বলেন, ভবিষ্যতে যাচাই বাছাই ছাড়া ভুয়া আইডির স্ট্যাটাসের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।

No comments:

Post a Comment