সিরিয়ার
আলেপ্পোতে আড়াই লাখ বেসামরিক মানুষকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আকুতি জানিয়েছেন ২৯ জন ডাক্তার। এ বিষয়ে
তারা ওবামার কাছে একটি চিঠি লিখেছেন। তাতে তারা বলেছেন, বর্তমানে সেখানে যে
হারে মেডিকেল ফ্যাসিলিটিগুলোতে (হাসপাতাল) হামলা চালানো হচ্ছে তা অব্যাহত
থাকলে এক মাসের মধ্যে সেখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এ জন্য তারা
আলেপ্পোকে তারা ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ (নো ফ্লাই জোন) ঘোষণার দাবি জানান
ওবামার কাছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, বিদ্রোহী
নিয়ন্ত্রিত আলেপ্পোতে যাতে ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারে সে জন্য প্রতিদিন
সেখানে তিন ঘন্টা করে হামলা বন্ধ রাখবে রাশিয়া। মস্কোতে প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে
দুপুর একটা পর্যন্ত সব রকম সামরিক অভিযান, আকাশ ও স্থলপথের হামলা স্থগিত
থাকবে। তবে সঙ্গে সঙ্গেই জাতিসংঘ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, কয়েক
লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য তিন ঘন্টা সময় যথেষ্ট নয়।
জাতিসংঘ থেকে তাদের কাছে ৪৮ ঘন্টার জন্য হামলা স্থগিত করার আহ্বান জানানো
হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে আলেপ্পোতে হামলা জোরদার হয়েছে। সরকার
পশ্চিমাঞ্চলীয় এ শহরে যে মূল সড়ক পথে খাদ্য সরবরাহ দেয় তা নিয়ন্ত্রণে
রেখেছে বিদ্রোহীরা। এ অবস্থায় ওই ২৯ জন চিকিৎসক তাদের চিঠিতে লিখেছেন,
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টির পর গত ৫
বছরে তারা অসংখ্য রোগি দেখেছেন। সহিংসতায় অনেক বন্ধু, সহকর্মীকে ভয়াবহভাবে
মৃত্যুবরণ করতে দেখেছেন। বিশ্ব শুধু দর্শকের মতো দাঁড়িয়ে আছে। তারা দেখছে
সিরিয়া পরিস্থিতি কতটা জটিল। তারা আমাদেরকে রক্ষার জন্য সামান্যই করছে। গত
মাসে সিরিয়ায় চিকিৎসা দেয়া হয় এমন স্থাপনাগুলোতে ৪২টি হামলা হয়েছে। এর
মধ্যে ১৫টি হাসপাতাল। দু’সপ্তাহ আগে চারটি নবজাতক মারা গেছে। তাদেরকে রাখা
হয়েছিল ইনকিউবেটরে। কিন্তু বোমা হামলায় ওই ইনকিউবেটরের অক্সিজেন সরবরাহ
বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তারা মারা যায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment