Sunday, August 21, 2016

ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ কমিটি

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র কমিটি ঘোষণা করা হয়েছে। স্বচ্ছ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের ভিত্তি মজবুত করা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এতে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নাম দিয়ে এ কমিটির ঘোষণা  দেয়া হয়। আহ্বায়ক কমিটির সদস্যসচিব করা হয়েছে আ ব ম মুস্তাফা আমিন। অন্য সদস্যরা হচ্ছেন- অধ্যাপক অজয় রায়, প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ, জিএম কাদের, মেজর (অব.) আবদুল মান্নান, এসএম আকরাম, সুলতান মো. মনসুর আহমদ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার। সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, সদস্য জিএম কাদের, সুলতান মো. মনসুর আহমদ ও সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ১৪ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে আছে স্বচ্ছ নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করা, সার্বভৌমত্ব নিশ্চিত করে নিরাপত্তা জোরদার এবং সর্বোপরি জনগণই যে সব ক্ষমতার উৎস, সেটা নিশ্চিত করা। এ লক্ষ্যে আগামী নভেম্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি নাগরিক সংলাপের পরিকল্পনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে কলেবর বাড়িয়ে জাতীয় কমিটি করা হবে বলে জানান উদ্যোক্তারা। পরে জেলা ও উপজেলা পর্যায়েও কমিটি করা হবে।

No comments:

Post a Comment