Wednesday, August 10, 2016

গুলশানে বিশেষ রিকশা ও বাসসেবা চালু

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা ও শীততাপনিয়ন্ত্রিত বাসসেবা চালু করা হয়েছে। আজ বুধবার গুলশান পুলিশ প্লাজার সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে ‘ঢাকা চাকা’ নামের এ বাসসেবার তত্ত্বাবধান করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সহায়তা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ প্লাজা থেকে গুলশান-২ নম্বর গোল চত্বর এবং কাকলী মোড় থেকে নতুন বাজার এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। প্রথম দফায় ১০টি বাস নিয়ে চালু হয়েছে সেবা। ২০ আগস্টের মধ্যে আরও ১০টি বাস যোগ হবে। শীততাপনিয়ন্ত্রিত প্রতিটি বাস ৩৫ আসনবিশিষ্ট। একটি রুটের বাস ছাড়বে তেজগাঁও-গুলশান লিংক রোডের নাভানা মোড় থেকে। এই রুটের বাস পুলিশ প্লাজা, গুলশান-১ ও রূপায়ণ টাওয়ার হয়ে গুলশান-২ নম্বর গোল চত্বর পর্যন্ত যাবে। আরেক রুটের বাস ছাড়বে কাকলী মোড় থেকে। বনানী বাজার, গুলশান-২ নম্বর হয়ে যাবে নতুন বাজার। যেকোনো দূরত্বের ভাড়া ১৫ টাকা। এছাড়া গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারায় ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য চালক থাকবেন তিনজন। বিভিন্ন গন্তব্যের ভাড়া নির্ধারণ করে বানানো তালিকা প্রতি রিকশায় লাগিয়ে দেওয়া হয়েছে। রিকশার ওপরের অংশ হলুদ, নিচের অংশ কালো রং করা। চালকদের কমলা রঙের পোশাক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

No comments:

Post a Comment