Tuesday, August 23, 2016

সুইডেনে এপার্টমেন্টে গ্রেনেড হামলায় নিহত ঘুমন্ত এক শিশু

সুইডেনের একটি এপার্টমেন্টে গ্রেনেড হামলায় ৮ বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে। তার নাম ইউসুফ ওয়ারসেম। তার বাড়ি বৃটেনের বার্মিংহামে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাত করতে সুইডেনে গিয়েছিল সে। সুইডেনের গোথেনবার্গ শহরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, ওই শহরের বিসকোপস গার্ডেন এলাকায় ওই এপার্টমেন্টে ঘুমাচ্ছিল কমপক্ষে ৫টি শিশু ও পূর্ণ বয়স্ক কয়েকজন মানুষ। এমন সময় এর ভিতরে একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। এতে গভীর ঘুমে থাকা ওয়ারসেম মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। হামলার সময় একই রুমে মা, বোন ও এক ভাইয়ের সঙ্গে ছিল সে। হামলায় তারাও আহত হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, গত বচর ওই এলাকায় ভয়াবহ এক গোলাগুলি হয়। তাতে অভিযুক্ত হয়েছিল এক ব্যক্তি। সেই ওই ফ্লাটটিতে বসবাস করছিল। পুলিশ মনে করছে, সর্বশেষ এই গ্রেনেড হামলার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড শত্রুতা থাকতে পারে। পুলিশ মুখপাত্র থমাস ফাক্সবোর্গ বলেছেন, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এর কোন সম্পর্ক আছে কিনা তারা তা যাচাই করে দেখছেন। তবে এমন সম্পর্ক থাকতে পারে বলেই মনে করছে পুলিশ। উল্লেখ্য, গত বছর মার্চে গোথেনবার্গে সোমালি সম্প্রদায়ের মধ্যে প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে ভয়াবহ গোলাগুলি হয়। তখন স্বয়ংক্রিয় অস্ত্র হাতে কিছু লোক বিসকোপস গার্ডেনের একটি পাব-এ ঢুকে পরে। পুলিশের সঙ্গে পরিচয় আছে এমন একজন মানুষকে গুলি করে। একজন নিরপরাধ পথচারীও এ ঘটনার শিকার হন। এ মাসের শুরুর দিকে এ ঘটনায় আটজন অীভযুক্ত হয়। তাদেরকে সাত থেকে যাবজ্জীবন জেল দেয়া হয়। উল্লেখ্য, সুইডেনে সবচেয়ে কম অপরাধের রেকর্ড আছে। তবে স্কটহোম গোথেনবার্গ ও মালমোতে সহিংসতার কারণ চিহ্নিত করতে সঙ্কটে পড়েছে পুলিশ।

No comments:

Post a Comment