ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের
নিজ শহর দাভাওতে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭১
জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শহরের মার্কো হোটেলের সামনের
বাজারে বোমা বিস্ফোরণ হলে হতাহতের এ ঘটনা ঘটে। ফিলিপাইনের রাষ্ট্রীয়
বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ঘটনাস্থলে
গিয়ে বলেছেন, 'এটি সন্ত্রাসী হামলা। আমরা শক্ত হাতে এ জঘন্য সন্ত্রাসীদের
মোকাবেলা করব।' সাপ্তাহিক ছুটিগুলোতে দুতার্তে সাধারণত দাভাওতেই থাকেন,
প্রায়ই মার্কো পোলো হোটেলে আসেন, বিভিন্ন বৈঠক ও লোকজনের সঙ্গে
দেখা-সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এই হোটেলে অনেক
গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি।
তবে
বোমা হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। বোমা হামলার জেরে শনিবার
ফিলিপাইনজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন তিনি, যাকে ফিলিপিন্সের আইনে বলা
হয় ‘স্টেইট অব ললেসনেস’। এই সতর্কতা জারি থাকার অর্থ হল, বেআইনি সহিংসতা
দমনে প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নামাতে পারবেন। তবে এ অবস্থা
জরুরি অবস্থা বা সামরিক আইন নয় বলে ফিলিপিন্স সরকারের ভাষ্য। দুই দশকেরও
বেশি সময় ধরে এক সময়ের অপরাধপ্রবণ শহর দাভাওয়ের মেয়র ছিলেন দুতার্তে। এই
শহরের অপরাধ দমনে পাওয়া সাফল্যের কারণেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন
তিনি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

No comments:
Post a Comment