সরকারি কাজে এক জায়গা থেকে আরেক জায়গায়
যাওয়ার জন্য সরকারি চাকরিজীবীদের দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা নতুন করে
নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। গত রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি
হয়েছে। সরকারি কাজে বিমান, সড়ক, রেল ও নৌপথে ভ্রমণের জন্য কোনো কর্মচারী
কী হারে ভাতা পাবেন, সে জন্য ক, খ, গ ও ঘ নামে চারটি শ্রেণি করা হয়েছে।
অফিসের কাজে ও বদলির কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সরকারি
চাকরিজীবীদের দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হয়ে থাকে। নতুন হার অনুযায়ী
সবচেয়ে বেশি ২২ হাজার থেকে ৭৮ হাজার টাকা বেতনধারী ব্যক্তিরা দৈনিক ভাতা
পাবেন ১ হাজার ৪০০ টাকা। আর সবচেয়ে কম ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা
দৈনিক ভাতা পাবেন ৩০০ টাকা। রেলপথ ও জাহাজপথে শীতাতপনিয়ন্ত্রিত প্রথম
শ্রেণি বা প্রথম শ্রেণিতে যাতায়াত করতে পারবেন পঞ্চম থেকে তার ওপরের
গ্রেডের কর্মচারীরা।
এ ক্ষেত্রে (বদলি
ছাড়া) তাঁরা দেড় গুণ পথভাড়া ভাতা পাবেন। বাসে ভ্রমণের ক্ষেত্রে নবম থেকে
তার ওপরের গ্রেডের কর্মচারীরা শীতাতপনিয়ন্ত্রিত এবং অন্যরা শীতাতপবিহীন
আসনে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁরা পথভাড়া পাবেন যার যার শ্রেণির
জন্য নির্ধারিত ভাড়ার দ্বিগুণ। বিমানে ইকোনমি শ্রেণিতে (দেশের অভ্যন্তরে)
ভ্রমণ করতে পারবেন পঞ্চম গ্রেড ও তার ওপরের গ্রেডের কর্মচারীরা। বদলিজনিত
ভ্রমণের ক্ষেত্রে রেল, নৌ ও সড়কপথে নিজেরটিসহ সর্বোচ্চ তিনজনের পূর্ণ
ভাড়া সরকার দেবে। তবে বিমানের ক্ষেত্রে দেওয়া হবে শুধু একজনকে
(চাকরিজীবী)। এ ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল পরিবহনে প্রতি ১০০ কেজির ভাড়া
প্রতি কিলোমিটারে ২ টাকা এবং সঙ্গে প্যাকিং চার্জ দেওয়া হবে।
No comments:
Post a Comment