Wednesday, September 7, 2016

"অন্যায়ভাবে সম্পদ অর্জনের কারণে বৈষম্য বাড়ছে"

আমাদের এখানে উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু বৈষম্য প্রকট। অন্যায়ভাবে সম্পদ অর্জনের কারণে বৈষম্য বাড়ছে। এক্ষেত্রে কোনো উন্নতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। আগারগাওস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অডিটোরিয়ামে পিকেএসএফ আয়োজিত বাংলাদেশে এসডিজির বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা শীর্ষক সেমিনারে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের মূখ্য সচিব এম. আবুল কালাম আযাদ। বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব এম. শহিদুল হক, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল করিম। প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআই ইউনিটের ডি.জি এম. আবদুল হালিম।
ড. খলীকুজ্জমান আহমদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না। আর এসডিজিতেও বলা আছে উন্নয়ন থেকে কেউ বাদ যাবে না। সবাইকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, আমাদের সুশাসনেরর দিকে যেতে হবে। প্রাতিষ্ঠানিক সম্মিলন ঘটাতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি নজর দিতে হবে। জোর দিতে হবে মানব সক্ষমতার উপর। তিনি বলেন, আমাদের এখানে দলিল আছে, আইন আছে, কিন্তু বাস্তবায়ন নেই। টেকসই উন্নয়নে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে। সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। আব্দুল করিম জানান, পিকেএসএফ আর্থিক সহায়তার পাশাপাশি অ-আর্থিক সহায়তাও করছে। উদ্দেশ্য দারিদ্র্য নিরসন করা। আমরা সাড়ে ছয়শ ভিক্ষুকের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছি। এজন্য নির্বাচিত ভিক্ষুককে তিন কিস্তিতে ১ লাখ টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করছি।

No comments:

Post a Comment