ঈদের
নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সুপার হিরো নিলয়। এবারের ঈদে তার
অভিনীত প্রায় ডজনখানেক নাটক প্রচার হবে। সম্প্রতি ‘প্রবাসী পাত্র ও একটি
চাঁদমুখ’ নামের একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ইলোরা লিলিথের রচনায়
নাটকটি পরিচালনা করেছেন এলআর সোহেল। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন
তানজিন তিশা। নাটকটির গল্পে দেখা যাবে ঈদের ছুটিতে কানাডা প্রবাসী নিলয়
একটি চাঁদমুখ মেয়ে বিয়ে করার উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসে। ঈদের
দিন থেকে প্রতিদিন সে দেখতে থাকে চাঁদমুখ পাত্রী। একেক পাত্রী দেখা নিয়ে
ঘটে বিচিত্র সব ঘটনা ও অভিজ্ঞতা।
প্রথম
দিন দেখতে যাওয়া মেয়েটি আবিষ্কার হয় ছিনতাইকারী গ্যাংয়ের সদস্য হিসেবে।
দ্বিতীয় দিন যে পাত্রীকে দেখতে যায়, পাত্রীটি আসলে বন্ধুর স্ত্রী। ঘটকের
মাধ্যমে পাত্রীটি আবিষ্কার হয় ১৮ বছরের নিচে। এ নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।
নাটকটি প্রসঙ্গে নিলয় বলেন, ‘দারুণ একটি গল্প। এতে কোনো ভাঁড়ামি নেই। তবে
হাসির যথেষ্ট উপকরণ পাবেন দর্শক। আশা করি ঈদে নাটকটি দর্শকদের আনন্দ আরও
বাড়িয়ে দেবে।’ তানজিন তিশা বলেন, ‘নাটকটি অভিনয় করতে গিয়ে আমাকেও হাসতে
হয়েছে। আশা করি দর্শকরা দারুণ বিনোদন পাবেন।’ নিলয় ও তিশা ছাড়াও এতে আরও
অভিনয় করেছেন ডেইজি আহমেদ, সঞ্জয় রাজ, মিমি আজমি, নোলক, অঞ্জলী সাথী,
তানিয়া ঋতু প্রমুখ। নাটকটি আসছে ঈদের সাতদিনের অনুষ্ঠান মালায় একটি
বেসরকারি টিভিতে প্রচার হবে।

No comments:
Post a Comment