Friday, September 23, 2016

ঝিনাইদহ ও রৌমারীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুরে ও কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে জসিম মন্ডল (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনার বাসিন্দা। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান তারা জানতে পেরেছেন বাঘাডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে জসিম মন্ডল নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তার মরদেহ বর্তমানে ভারতের হাসখালি থানায় রয়েছে। তবে তাদের টহলদল খোঁজ খবর নিচ্ছেন। তিনি জানান, তার মরদেহ ফেরত পেতে ও কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হবে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুখু মিয়া (২৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে গয়টাপাড়া সীমান্তের ১০৬১ আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যায় দুখু মিয়া। এ সময় ভারতের ঝালই বিএসএফ ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দুখু মিয়া রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বলে জানা গেছে। ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোঃ রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফের নিকট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

No comments:

Post a Comment