Thursday, September 22, 2016

মৌলভীবাজারের ৫ জনের অভিযোগ গঠনের শুনানি ২ নভেম্বর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এ মামলার অভিযুক্ত আসামিরা হলেন- সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী এবং মোবারক মিয়া। একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, গণহত্যা, অপহরণ এবং আটকে রেখে নির্যাতনের পাঁচ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আসামিদের মধ্যে ওজায়ের ও ইউনুছ কারাগারে; বাকিরা পলাতক রয়েছেন।
এ মামলার প্রসিকিউটর আবুল কালাম সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে পাঁচ অভিযোগ আমলে নিয়েছে ট্রাইবুনাল। এরপর পলাতক তিন আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে সেই বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়েছে। এরপর আদালত চার্জ হিয়ারিংয়ের জন্য ২ নভেম্বর দিন রেখেছে। ২০১৪ সালের ১২ অক্টোবর এই পাঁচ আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। তদন্ত শেষে গত জানুয়ারিতে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা পড়ে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আলবদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত বছর ১৩ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সেদিন বিকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গয়াসপুর গ্রাম থেকে ওজায়ের (৬০) এবং শহরের চৌমোহনা থেকে ইউনুছ আহমদকে (৭০) গ্রেফতার করে পুলিশ।

No comments:

Post a Comment