Wednesday, September 7, 2016

রাজধানীতে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার লিকেজঃ শিশুসহ ৩ জন অসুস্থ

রাজধানীর পুরান ঢাকায় একটি বরফকলে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছে। চকবাজার থানার সোয়ারীঘাট চম্পাতলী এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ওই বরফকলের শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ বিষয়ে আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বরফকল থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গতের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা অসুস্থ অবস্থায় শিশু জুনায়েদসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। মাহমুদুল হক আরো জানান,
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট লিকেজ হওয়া সিলিন্ডারটি শনাক্ত করে রাত সাড়ে ১০টার দিকে গ্যাস ছড়ানো বন্ধ করে। এর পর রাত ১১টার দিকে নির্গত হওয়া গ্যাস নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পানি ছিটানো হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই বরফকলটির মালিক হাসনাত নামের এক ব্যক্তি। আর সোয়ারীঘাট থেকে দেশের বড় বড় পাইকারি মাছের বাজারে ওই বরফকল থেকে বরফ সরবরাহ করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশিদ তালুকদার আজ সকালে জানান, গতকাল রাত ১১টার দিকেই গ্যাস নিয়ন্ত্রণে চলে এসেছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment