Saturday, September 24, 2016

কাশ্মিরে বাস উল্টে নদীতে, নিহত ২৩

কাশ্মিরের পর্বত এলাকায় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস উল্টে নদীতে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মুজাফফরাবাদ থেকে ৪৫ কিলোমিটার উত্তরের প্রত্যন্ত অঞ্চল নাওসিরেতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পাহাড় থেকে বাসটি কমপক্ষে ১শ' মিটার নিচে গুসিং নদীতে পড়ে যায়। স্থানীয় সরকারি কর্মকর্তা আশফাক গিলানি বার্তাসংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনায় ২৩ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা মাত্র তিনটি মরদেহ ও আহত তিনজনকে উদ্ধার করতে পেরেছেন। বাকি ২০ জন ও বাসটি নদীর স্রোতে ভেসে গেছে। জীবিত এবং মৃতদের সন্ধানে শনিবারও সেখানে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। তবে তীব্র স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। পাকিস্তানে প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে থাকে। মূলত বেহাল সড়ক, চালকের বেপরোয়া গতি ও যান ব্যবস্থাপনার দুর্বলতায় দেশটিতে এসব দুর্ঘটনা হয়।

No comments:

Post a Comment