কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়া কোনো আসামির কারাভোগ শেষে মুক্তির বিষয়টি সহজ
করতে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট। কারা ও অর্থদণ্ডে দণ্ডিত
কারাবন্দিদের অর্থদণ্ড পরিশোধ সহজীকরণ বিষয়ে নির্দেশনা দিয়ে গতকাল এ
বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে অর্থদণ্ড পরিশোধের
ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়াই আসামির প্রতিনিধি বা আত্মীয়স্বজন
আসামির কারাদণ্ড শেষ হওয়ার আগে বা পরে সরাসরি ট্রেজারি চালানের মাধ্যমে এই
অর্থ পরিশোধ করতে পারবেন। পরে কারা কর্তৃপক্ষ এ বিষয়টি যাচাই করে নিশ্চিত
হয়ে আসামিকে মুক্তি দেবেন। আগে এ ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হতো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থদণ্ড ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেয়ার
পর চালানের কপি কারাবন্দি যে কারাগারে সাজা ভোগ করেছেন, সরাসরি সেই কারাগার
কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ ট্রেজারি
চালান পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকে অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে চালানটির
সত্যতা এবং সাজা পরোয়ানায় উল্লিখিত অর্থদণ্ডের পরিমাণ যাচাই করবেন। এ
ক্ষেত্রে আরোপিত সমুদয় অর্থদণ্ড পরিশোধিত হয়েছে বলে কারা কর্তৃপক্ষ
সন্তুষ্ট হলে বিধি অনুসারে বন্দিকে মুক্তি দেবেন এবং অর্থদণ্ড পরিশোধ ও
কারাবন্দিকে মুক্তি প্রদানের বিষয়টি বিচারিক আদালতকে অবহিত করবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রায় প্রদানকারী আদালত যে জেলায় অবস্থিত বা যে
জেলার কারাগারে আসামি অবস্থান করছেন, সেই জেলার ওই ব্যাংকে ট্রেজারি
চালানের মাধ্যমে এই অর্থ জমা দেয়া যাবে। গতকাল এই বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে
সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার অনুমোদন নেয়া হয়েছে উল্লেখ করে প্রয়োজনীয়
ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি আইজি প্রিজন, দেশের সব জেলা ও দায়রা জজ
আদালতসহ বিভিন্ন আদালতে, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সব
কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment