Monday, September 19, 2016

চট্টগ্রামে স্মারকলিপি দুর্গাপূজায় ৩ দিনের ছুটি চায় হিন্দু জোট

শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত ডেপুটি কমিশনার ড. অনুপম সাহার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সারা দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার আহ্বায়ক রিপম দাশ শেখর, সদস্য সচিব অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস, অধ্যাপক ঋতেন দাশ, পণ্ডিত বিজয় চক্রবর্তী, সুভাষানন্দ অবধুত, শ্যামল নাথ, প্রদ্যুৎ চৌধুরী, পঙ্কজ দে, শ্যামল দাশ রানা, অ্যাডভোকেট কৌশিক গুহ, অর্পণ সেন, অসীম শর্মা, সিদ্ধার্থ শংকর রক্ষিত, অভি বণিক, দেবব্রত নাথ জুয়েল, অভি গুপ্ত, কমল বিশ্বাস, তনয় চৌধুরী, সবুজ রায় প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় দুর্গাপূজা হিন্দু সমপ্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব।  সনাতনী ভক্তবৃন্দদের পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গা পূজা সম্পাদন করতে হয়। কিন্তু সরকারিভাবে শুধু শুভ বিজয়ার দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
অথচ পূজায় সপ্তমী, অষ্টমী ও নবমী এ তিনদিন সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন পূজার কাজে ব্যস্ত থাকতে হয়। পূজার গুরুত্বপূর্ণ এ তিন দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা না থাকায় বাংলাদেশের সব হিন্দু সম্প্রদায় পরিপূর্ণভাবে পূজাতে অংশগ্রহণ করতে পারেন না।
নেতৃবৃন্দরা শীঘ্রই মন্ত্রিপরিষদ মণ্ডলীর সভায় ও সংসদীয় কমিটিতে এ বিষয়ে প্রস্তাব পেশ করে আসন্ন দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটি ঘোষণার আহ্বান জানান।
প্রঙ্গগত, হিন্দু মহাজোটের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা এর আগেও দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন।

No comments:

Post a Comment