Saturday, October 1, 2016

সিরিয়ায় আরও যুদ্ধবিমান পাঠাবে রাশিয়া

সিরিয়ায় আরও যুদ্ধবিমান পাঠাবে রাশিয়া। বিমান হামলা জোরালো করতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে বলে শুক্রবার খবর দিয়েছে রাশিয়ার একটি পত্রিকা। ওদিকে সহিংসতা থামানোর কূটনীতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তবে বলা হয়েছে, কূটনৈতিক উদ্যোগ এখনও শেষ হয়ে যায় নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চল বিদ্রোহীদের কবল থেকে মুক্ত করতে রাশিয়ার সমর্থনে নতুন করে সিরিয়া সরকার অভিযান শুরু করেছে। তা তীব্র আকার ধারণ করেছে। এ মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছিল তা অগ্রাহ্য করেছে মস্কো ও প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই আলেপ্পোতে জোর হামলা শুরু হয়েছে।  এ বিষয়ে টানা তিনদিনের মতো টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আলেপ্পোর পরিস্থিতি স্বাভাবিক করতে আরও অনেক পথ বিবেচনা করতে প্রস্তুত মস্কো। রাশিয়া যাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করে তাদের থেকে উদারপন্থি বিদ্রোহীদের আলাদা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করেছেন সের্গেই ল্যাভরভ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, এটা (কূটনীতি) লাইফ সাপোর্টে আছে। তবে এখনও তা শেষ হয়ে যায় নি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment