অ্যাঞ্জেলিনা
জোলিকে কি এত সহজেই ভুলে গেলেন ব্র্যাড পিট? এই তো সেদিনও খবর ছড়িয়েছিল,
ব্র্যাড নাকি জোলিকে আবার জীবনে ফিরে পেতে চান। কিন্তু অভিনেতা জেনিফার
গার্নারের সাম্প্রতিক মন্তব্যের পর রহস্যের মোড় ঘুরে গেল ভিন্ন দিকে। খোদ
জেনিফার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, ‘ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করছি।’
হ্যাঁ। সম্প্রতি বন্ধুদের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি জিম থেকে ব্যায়াম
শেষে বের হচ্ছিলেন জেনিফার গার্নার। সে সময় কয়েকজন পাপারাজ্জি পিছু নেন
জেনের। একজন ছবি তুলতে তুলতে সামনে গিয়ে জেনের কাছে জানতে চান, ‘বর্তমান
জীবনে কী চলছে?’
তখন একগাল হেসে
জেনিফার বলেন, ‘ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করছি!’ নিজের কানকে বিশ্বাস করতে
না পেরে পাপারাজ্জি আরও একবার জানতে চান, ‘ব্র্যাড পিটের সঙ্গে প্রেম
করছেন?’ আত্মবিশ্বাসের সঙ্গেই জেন বলেন, ‘হ্যাঁ।’ তবে বিষয়টি যে নিছকই
ঠাট্টা ছিল, তা জেনিফারের সঙ্গে থাকা তাঁর বন্ধুদের অট্টহাসিই বুঝিয়ে
দিচ্ছিল। কারণ, এর আগেও ব্র্যাড পিটকে নিয়ে নানা সময় নানা ধরনের মন্তব্য
করেছিলেন জেনিফার গার্নার। নিজেকে বরাবরই ব্র্যাড পিটের বিশাল ভক্ত হিসেবে
উল্লেখ করেন এই থার্টি গোয়িং অন থার্টি অভিনেত্রী। হলিউড তারকা জেনিফার
অ্যানিস্টোনের সঙ্গে যখন ব্র্যাড পিটের বিবাহবিচ্ছেদ হয়, তখনো জেন
গণমাধ্যমে ফলাও করে নিজের মন্তব্য জানিয়েছিলেন। বলেছিলেন, ‘ইশ্, যদি তাঁরা
দুজন আবার এক হয়ে যেতেন, আমি সবচেয়ে বেশি খুশি হতাম।’ এভাবেই সময়ে-অসময়ে
ব্র্যাড পিট প্রায়ই উঠে এসেছেন জেনিফারের কথায়। কিন্তু এখন যখন অভিনেতা বেন
অ্যাফ্লেকের সঙ্গেই জেনিফারের নিজের সম্পর্কটা ভালো যাচ্ছে না, তখন এ
ধরনের মন্তব্য গুজবের নতুন রসদ হয়ে দাঁড়িয়েছে। ই অনলাইন।

No comments:
Post a Comment