![]() |
| সেঞ্চুরির পর ইমরুল। প্রথম আলো |
ইমরুল
কায়েসের এই রূপটা একটু অচেনাই ছিল। ৯১ বলে ১২১ রান, ১১ চার আর দুর্দান্ত
৬টি ছক্কা। কালকের ইমরুল বিস্মিত করেছেন সবাইকে। যতক্ষণ উইকেটে ছিলেন,
ইংল্যান্ড বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। আদিল রশিদ আর মঈন আলীকে তো পাড়ার
বোলার মনে হচ্ছিল তাঁর সামনে। ম্যাচ শেষ হতেই অবশ্য এই ডাকাবুকো ইমরুল
উধাও। তাঁর কণ্ঠে তখন অনেক দিন পর বড় রান করার স্বস্তি, ‘আমার জন্য এটা খুব
দরকার ছিল। অনেক দিন পর এমন একটা ইনিংস খেলতে পারলাম। নিজের কাছে খুব ভালো
লাগছে, সঙ্গে আত্মবিশ্বাসটাও বেড়েছে।’ জাতীয় দলের মূল একাদশে ঢুকতেই
পারছেন না ইমরুল। আফগানিস্তানের সঙ্গেও নেমেছেন তিনে। ব্যাটিংয়ের প্রিয়
জায়গাটা ফিরে পেতে এ ইনিংসটির প্রয়োজন ছিল তাঁর, ‘বাংলাদেশ দলে সুযোগ পাওয়া
এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। অনেক প্রতিযোগিতা।
এখন
গড়পড়তা পারফরম্যান্স করে টিকে থাকা খুব কঠিন। শেষ দুটি ওয়ানডেতে আমি বসে
ছিলাম। মনে হয়েছে, আমাকে আরও ভালো কিছু করতে হবে।’ ‘ভালো কিছু’ করার জন্য
কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহযোগিতাও স্বীকার করছেন অকুণ্ঠে, ‘এর আগে আমার
মাইন্ড সেটআপ ছিল উইকেটে থেকে তারপর রান করব। আজ (কাল) প্রথম থেকে ইতিবাচক
ছিলাম। এর আগে শুধু সামনে গিয়ে একটা শট খেলার জন্য তৈরি থাকতাম। কোচ আমাকে
বলেছেন, তুমি সব সময় তৈরি থাকবে তিনটি শটের জন্য। তিনটি শটের জন্য তৈরি
থাকলে তোমার অনেক অপশন থাকে। হয়তো সে জন্য আমার ভারসাম্য এবং সবকিছু খুবই
ইতিবাচক হচ্ছিল। এ কারণেই হয়তো সাফল্য পেয়েছি।’ ইংল্যান্ডের বিপক্ষে
ইমরুলের অতীত রেকর্ড দারুণ। কাল তো অবিশ্বাস্য এক ইনিংসই খেললেন। ইমরুলের
আশা ভবিষ্যতেও ইংল্যান্ডের মাথাব্যথার কারণ হবেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে শেষ
বিশ্বকাপ ম্যাচটা বাদ দিয়ে সব ম্যাচে ভালো খেলেছি।
প্রত্যেক
খেলোয়াড়ের এমন দু-একটা দল থাকে, যাদের বিপক্ষে খুব ভালো খেলে। আমিও হয়তো
ইংল্যান্ডের বিপক্ষে সব সময় ভালো খেলি।’ এই ভালো খেলার রেকর্ড আর কালকের
সেঞ্চুরিতে দলে ফেরার আশা করতেই পারেন ইমরুল। সেই সঙ্গে ইংল্যান্ডের
বিপক্ষে সর্বশেষ টানা ২ জয়ের রেকর্ডকে এগিয়ে নিয়ে সিরিজ জয়ের স্বপ্নও দেখতে
পারেন। তবে ইমরুলের এই স্বপ্নটা হোঁচটও খেতে পারে। বিরুদ্ধ পরিবেশ যে
সামলে নিচ্ছে ইংল্যান্ড দল। ক্রিস ওকস যেমন বললেন, ধীরে ধীরে বাংলাদেশের
সঙ্গে মানিয়ে নিচ্ছেন তাঁরা, ‘কঠিন পরিস্থিতি, প্রচণ্ড গরম। আমরা এতে
অভ্যস্ত নই। সে বিবেচনায় খুব ভালো পারফরম্যান্স। আশা করি, ওয়ানডে সিরিজে
মূল দলে থাকব!’ ব্যাটিং সহায়ক পিচে ৯ ওভার বল করে ৫২ রান দিয়ে ৩ উইকেট
পেয়েছেন। দলের সেরা বোলার ছিলেন তিনি। তারপরও কিনা দলে জায়গা পাওয়া নিয়ে
সন্দেহ! রসিকতা করলেন, নাকি এই ইংল্যান্ড দল আসলেই এত দুর্দান্ত।

No comments:
Post a Comment