Wednesday, October 26, 2016

'হিলারির সিরিয়া নীতি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে'

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া প্রশ্নে হিলারি ক্লিনটনের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডা রাজ্যের মায়ামিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগ করতে চাপ দেয়ার পরিবর্তে তথাকথিত ইসলামিক স্টেটকে পরাস্ত করার দিকে গুরুত্ব দেয়াই হবে শ্রেষ্ঠ মার্কিন পররাষ্ট্র নীতি। গত ২০ অক্টোবর নেভাডায় প্রেসিডেন্সিয়াল বিতর্কের চূড়ান্ত পর্বে মিসেস ক্লিনটন সিরিয়ায় প্রাণহানি ঠেকাতে এবং সংঘাত বন্ধে সিরিয়ার ওপর একটি 'নো ফ্লাই জোন' ঘোষণা করার প্রস্তাব তুলে ধরেন। অনেকের মতে,
এটি রাশিয়ার বিমানের সঙ্গে সংঘর্ষ ডেকে আনতে পারে। মঙ্গলবারের সাক্ষাৎকারে এ বিষয়ে ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটনের কথা শুনলে শেষপর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যেতে হবে। তিনি বলেন, "আপনি কেবল সিরিয়ার সঙ্গে লড়াই করছেন না। আপনি লড়াই করছেন সিরিয়া, রাশিয়া এবং ইরানের সঙ্গে"। রিপাবলিকান প্রার্থীর মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে সম্মত করানোর চেয়ে তথাকথিত ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার ওপর বেশি নজর দেয়া উচিত যুক্তরাষ্ট্রের। রয়টার্সকে ট্রাম্প বলেন, নিজদল রিপাবলিকান পার্টিতে ঐক্য থাকলে তিনি হিলারির কাছে হারবেন না।

No comments:

Post a Comment