মেসির হ্যাটট্রিক আর নেইমারের লক্ষ্যভেদে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে বুধবার রাতে শুরুটা ভালো করলেও স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ১৭তম মিনিট পর্যন্ত।
শুরুটা করেন মেসি। বাঁ দিক থেকে ডি-বক্সে ইনিয়েস্তাকে বল দিয়ে নিজেও ঢুকে
পড়েন। ফের্নান্দো পিছলে পড়ে যাওয়ায় ফাঁকায় বল ফেরত পেয়ে গোলরক্ষক ক্লাওদিও
ব্রাভোকে পরাস্ত করেন তিনি। প্রথমার্ধে সিটি দুটি ভালো সুযোগ পেলেও ফল
পায়নি। পরে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই দলকে বিপদে ফেলে লাল কার্ড দেখে
বিদায় নেন সিটির গোলরক্ষক তিনি। ডি-বক্সের বাইরেই হাত দিয়ে বল ঠেকিয়ে মাঠ
ছাড়েন ব্রাভো। ৬১তম মিনিটে ১০ জনের সিটির বিপক্ষে দ্বিতীয় গোল করেন মেসি।
আট মিনিটের মধ্যেই আসে হ্যাটট্রিক। বাঁ দিক থেকে সুয়ারেসের ক্রস কেবল জালে
ঠেলে দিতে হয় পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে এ
মৌসুমে দুই ম্যাচ খেলে দুটিতেই হ্যাটট্রিক করলেন মেসি। ৭৪তম মিনিটে দ্বিতীয়
হলুদ কার্ড দেখে জেরেমি ম্যাথিউ মাঠের বাইরে গেলে বার্সাও ১০ জনের দলে
পরিণত হয়। পরে ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তবে দুই মিনিট পরই গোল করে অবশ্য পুষিয়ে দেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে এনরিকের দল।
‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দেয়ার পর বরুসিয়া
মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০
ব্যবধানে হারিয়ে শুরু করা সিটি দ্বিতীয় রাউন্ডে সেল্টিকের সঙ্গে ৩-৩ গোলে
ড্র করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৪। গ্রুপের
অন্য ম্যাচে সেল্টিককে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে
জার্মানির বরুসিয়া মনশেনগ্লাডবাখ। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে স্কটল্যান্ডের
দল সেল্টিক।

No comments:
Post a Comment