Wednesday, October 5, 2016

গ্রামীণ সমর্থন পেতে ভরসা দুই প্রার্থীর রানিংমেটরা

পেন্স ও কেইন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর একমাত্র সরাসরি বিতর্ক নিয়ে বেশ আগ্রহের সৃষ্টি হয় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফার্মভিলে। এই ছোট শহরে অবস্থিত লংউড বিশ্ববিদ্যালয়েই রিপাবলিকান পার্টির মাইক পেন্স এবং ডেমোক্রেটিক পার্টির টিম কেইনের বিতর্কের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় আজ সকাল সাতটা) অনুষ্ঠিত হওয়ার কথা এ বিতর্ক। ৮ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফার্মভিলের মতো ছোটখাটো শহর ও গ্রামীণ এলাকাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভার্জিনিয়ায় একসময় রিপাবলিকানদের প্রতি সমর্থন বেশি ছিল। কিন্তু এবারের জনমত জরিপে সেখানে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পাল্লা ভারী মনে হচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ছোট শহরগুলোর ভোটারদের কাছে টানার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সম্পাদন করে এসব জায়গায় কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
বেকারত্বের কারণে অনেক গ্রামীণ অঞ্চলের লোকজনের মনে অসন্তোষ স্পষ্ট। অনেক কলকারখানা খরচ কমানোর আশায় মেক্সিকোয় স্থানান্তরের ফলে বহু মার্কিন নাগরিক কাজের সুযোগ হারিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সেই পুরোনো দিন ফিরিয়ে আনার অঙ্গীকার করে ভোট চাইছেন। ফার্মভিলের আশপাশে কাগজ এবং আসবাব কারখানাগুলো বন্ধ রয়েছে। সেখানকার বড় জুতার কারখানাটি বন্ধ হয়ে গেছে তা-ও ১০ বছর হলো। হিলারি ক্লিনটন গ্রামীণ এলাকায় খুব বেশি ভোট পাবেন, এমন আশা কম। তারপরও তিনি ট্রাম্পের ভোট যাতে খুব বেশি না হয়ে যায়, সেই চেষ্টা করবেন। তবে তাঁরা দুজনেই গ্রামীণ জনসাধারণের সমর্থন পেতে নিজ নিজ রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ওপর নির্ভর করবেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ৫৭ বছর বয়সী পেন্স বিতর্কে ট্রাম্পের কর প্রদান এবং নারীদের নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছিল। আর ভার্জিনিয়ার সিনেটর ও রিচমন্ডের সাবেক মেয়র ৫৮ বছর বয়সী কেইনের জোর দেওয়ার কথা হিলারির অভিজ্ঞতার ইতিবাচক দিক এবং ট্রাম্পের ‘ধনীবান্ধব’ নীতির ওপর।

No comments:

Post a Comment