Monday, October 10, 2016

ট্রাম্পের অপ্রত্যাশিত সংবাদ সম্মেলন

দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের কয়েক ঘন্টা আগে রাজনীতির এক নতুন চাল চাললেন ডনাল্ড ট্রাম্প। তিনি এক সংবাদ সম্মেলন করলেন। তাতে হাজির করলেন চারজন নারীকে। এসব নারীর মধ্যে অন্তত দু’জন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। কেউ কেউ অভিযোগ করলেন, ‘বিল ক্লিনটন আমাকে ধর্ষণ করেছেন। হিলারি ক্লিনটন আমাকে তখন হুমকি দিয়েছেন’। এ সময়ে তারা ট্রাম্পকে ভাল মানুষ হিসেবে আখ্যায়িত করে তাকে ভোট দেয়ার আহ্বান জানান। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ট্রাম্পের এমন সংবাদ সম্মেলন ছিল অপ্রত্যাশিত। ওই সংবাদ সম্মেলন প্রচার করা হয় ফেসবুক লাইভে। এতে চারজন নারীর সঙ্গে দেখা যায় ট্রাম্পকে। তাদের একজন আরাকানসাস রাজ্যের সাবেক কর্মচারী পলা জোনস। তিনি ১৯৯৯ সালে বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তা মিটমাটও হয়ে গেছে। পলা জোনস বলেছেন, আমি ট্রাম্পকে সমর্থন করি। কারণ, তিনি আমেরিকাকে আবার গ্রেট বানাতে চেয়েছেন। আমি মনে করি সবার উচিত তাকে ভোট দেয়া। আসল সত্যের দিকে তাকান। দেখুন তিনি একজন ভাল মানুষ। অন্যরা তার সম্পর্কে যা বলছেন তিনি তা নন।
ওই চার নারীর আরেকজন হলেন ক্যাথি শেলটন। ১২ বছর বয়সে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তার অভিযোগ। এ নিয়ে মামলা হলে তখন আদালতে ধর্ষকের পক্ষ নিয়েছিলেন হিলারি ক্লিনটনÑ এমন অভিযোগ তার। ক্যাথি বলেন, আমি ট্রাম্পকে সমর্থন দিতে এখানে এসেছি। ১২ বছর বয়সী একটি মেয়ের সঙ্গে যা কখনো হওয়া উচিত নয় এমন একটি অবস্থায় হিলারি ক্লিনটন আমাকে ঠেলে দিয়েছিলেন। অথচ তিনি মুখে বলেন, তিনি নারী ও শিশুদের জন্য কাজ করেন।
বিল ক্লিনটনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ করেছেন জুয়ানিতা ব্রোডরিক। তিনি বলেছেন, আমি জোয়ানিতা ব্রোডরিক। আমি ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে এখানে এসেছি। সম্প্রতি আমি টুইট করেছি এবং ট্রাম্পও আমাকে টুইট করেছেন যে, আমাকে ধর্ষণ করেছিলেন বিল ক্লিনটন। মুখের শব্দের চেয়ে কার্যে পরিণত করা বেশি গুরুত্ব পায়। ট্রাম্প হয়তো কিছু বাজে শব্দ বলেছেন, কিন্তু বিল ক্লিনটন আমাকে ধর্ষণ করেছেন এবং হিলারি ক্লিনটন আমাকে হুমকি দিয়েছেন।
তবে ট্রাম্পের এমন সংবাদ সম্মেলনকে বেপরোয়া কর্মকান্ড বলে প্রত্যাখ্যান করেছে হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির। তাদের পক্ষ থেকে টুইটারে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আমরা বিস্মিত নই। ডনাল্ড ট্রাম্প নির্বাচনী দৌড়ে ক্রমাগত ধ্বংসাত্বক পথে চলেছেন। হিলারি ক্লিনটন জানেন, সেন্ট লুইসের বিতর্ক হল হলো ভোটারদের জন্য একটি মঞ্চ। এখানে তাদের সামনে এমন সব কথা আসবে যা তাদেরকে নিয়ে। কিন্তু তাদের এমন কর্মকান্ডে তার গতি পরিবর্তন হবে না।
>>>মানবজমিন

No comments:

Post a Comment