![]() |
| সামার জার্ভোস |
মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে
আরও দুজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তাঁদের দুজনেরই অভিযোগ, ট্রাম্প
তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। তবে ট্রাম্প গত শুক্রবার বলেছেন,
বিরোধীদের ইন্ধনে সংবাদমাধ্যম এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদেরা একজোট হয়ে তাঁর
বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান
প্রার্থীর কারণে মার্কিন গণতন্ত্র আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে
খাদের কিনারায় থাকবে। এদিকে ট্রাম্প অভিযোগ করেছেন, হিলারির পক্ষে
নির্বাচনে জালিয়াতির চেষ্টা করছে ‘অসৎ’ গণমাধ্যম। নিউ হ্যাম্পশায়ারের
পোর্টসমাউথে গতকাল শনিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমার বিরুদ্ধে
সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলছে অসৎ গণমাধ্যম। এর মাধ্যমে তারা নির্বাচনে
জালিয়াতি করে হিলারিকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে চাইছে।’ ট্রাম্পের
বিরুদ্ধে সর্বশেষ অভিযোগকারী দুই নারীর একজন হলেন, ট্রাম্পের একসময়ের
রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেনটিস’-এর প্রতিযোগী সামার
জার্ভোস। অপরজন হলেন সাবেক মডেল ক্রিস্টিন অ্যান্ডারসন। জার্ভোসের দাবি,
২০০৭ সালে চাকরির আলোচনার জন্য ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে ডেকে নিয়ে
ট্রাম্প তাঁকে চুমু খেতে চেয়েছিলেন। তিনি বলেন, ট্রাম্প তাঁর সঙ্গে জোর করে
যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন।
তবে
তিনি বাধা দিলে শেষ পর্যন্ত কম বেতনের একটি চাকরির প্রস্তাব করেন ট্রাম্প।
তবে জন ব্যারি নামের জার্ভোসের একজন আত্মীয় দবি করেন, জার্ভোস বছরের পর বছর
ধরে ট্রাম্পের প্রশংসা করে এসেছেন। এখন তিনি (জার্ভোস) ট্রাম্পের প্রতি
নাখোশ। কারণ, প্রাথমিক প্রচার কার্যক্রমের সময় ট্রাম্প তাঁকে নিয়ে
ক্যালিফোর্নিয়ার একটি রেস্তোরাঁয় যেতে রাজি হননি। সাবেক মডেল ক্রিস্টিন
অ্যান্ডারসন ওয়াশিংটন পোস্টকে শুক্রবার বলেন, নব্বইয়ের দশকে নিউইয়র্কের
একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময় একদিন ট্রাম্প তাঁকে জড়িয়ে ধরে
কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেন। তিনি বলেন, কোনো বাক্যালাপ, এমনকি তাঁর দিকে
না তাকিয়েই ট্রাম্প এমনটা করেন; সে সময় ট্রাম্পের অভিব্যক্তি এমন ছিল যে
তিনি এ রকম কিছু করলেও তাঁর কিছুই হবে না। ট্রাম্পের এ ধরনের আচরণের কয়েকটি
অভিযোগের মধ্যে এ দুটিই সর্বশেষ। এসবের ফলে প্রেসিডেন্ট পদে তাঁর
প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রতিদ্বন্দ্বী
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবারের নির্বাচনকে
‘অবিশ্বাস্য রকম যন্ত্রণাদায়ক’ আখ্যা দিয়েছেন। তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্যের
সিয়াটলে এক প্রচারসভায় বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে যা কিছু ঘটছে,
তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। এটা আমাদের গণতন্ত্রের ওপর আঘাত।’ ২০০৫ সালের
একটি অডিও রেকর্ড ৭ অক্টোবর প্রকাশ পায় যাতে ট্রাম্প বলছিলেন, তিনি বিখ্যাত
বলেই মেয়েদের সঙ্গে অসদাচরণ করেও পার পেয়ে যেতে পারেন। ওই অডিও রেকর্ড
প্রসঙ্গে ট্রাম্প শুক্রবার নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোয় এক সমাবেশে বলেন,
‘মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আমি জানি না কাদের কথা বলা হচ্ছে। এসব গল্প
একেবারেই কাল্পনিক।’ জেসিকা লিডসে নামের আরেক নারী এর আগে একই ধরনের অভিযোগ
আনেন। ওই নারী দাবি করেন, তাঁকে আশির দশকে একটি উড়োজাহাজে জড়িয়ে ধরে চুমু
খেয়েছিলেন ট্রাম্প।

No comments:
Post a Comment