Thursday, October 6, 2016

এবার ‘গুগলের তৈরি’

গুগল পিক্সেল ও পিক্সেল এক্সএল স্মার্টফোন
‘মেড বাই গুগল, ৪ অক্টোবর’—গত মাসজুড়ে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এমন একটা বিজ্ঞাপন দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল মানুষ। গুগল তাদের ৪ অক্টোবরের মেড বাই গুগল নামের নতুন যন্ত্র প্রকাশের আগে প্রচারণা বেশ জোরেশোরেই চালিয়েছিল। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে গুগলের নতুন প্রযুক্তির কিছু পণ্য। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আয়োজিত এ অনুষ্ঠানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন স্মার্টফোন পিক্সেল ও পিক্সেল এক্সএল, ডে-ড্রিম নামের নতুন ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র, ওয়াই-ফাই রাউটার, ওয়াই-ফাই স্পিকার এবং ফোরকে ক্রোমকাস্টের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন।
নতুন স্মার্টফোন—পিক্সেল ও পিক্সেল এক্সএল
একই নকশার নতুন দুটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে গুগল। পিক্সেল ও পিক্সেল এক্সএল মডেল দুটির মধ্যে পার্থক্য শুধু পর্দার আকারে। ৫ ইঞ্চি পর্দার পিক্সেল স্মার্টফোনটিতে রয়েছে ফুল এইচডি পর্দা। অন্যদিকে পিক্সেল এক্সএলের কোয়াড এইচডি পর্দার আকার সাড়ে ৫ ইঞ্চি। যাঁরা প্রচুর ছবি তুলতে পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখে নতুন এ দুটি ফোনে যোগ করা হয়েছে ১২.৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা ডিএক্সও মার্কস ল্যাবের পরীক্ষায় আইফোন ৭ কেও ছাড়িয়ে গেছে। পিক্সেল ফোনের ক্যামেরাটিতে আগের চেয়ে অনেক উন্নত ছবি তোলা যাবে। স্মার্টফোন দুটিতেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল সহকারী গুগল অ্যাসিস্ট্যান্ট, যা হোম বোতাম চেপে ধরলেই চালু হবে। গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলেই ফোনের অনেক কাজ সারা যাবে। অনেক পরামর্শও দিতে পারে এটি। ৪ গিগাবাইট র্যা মের স্মার্টফোন দুটি পাওয়া যাবে ৪টি ভিন্ন রঙে। ৩২ এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরির গুগল পিক্সেল স্মার্টফোনের দাম শুরু হয়েছে ৬৪৯ ডলার থেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটি দেশে আগাম ফরমাশ নেওয়া শুরু করেছে গুগল।
নতুন ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র
ডে-ড্রিম নামের নতুন ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্রের ঘোষণা দিয়েছে গুগল। পিক্সেলসহ মোটামুটি সব আধুনিক স্মার্টফোনেই ব্যবহার করা যাবে এটি। নতুন এ ভিআর যন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়েছে নরম ও আরামদায়ক কাপড়। এর দাম পড়বে ৭৯ ডলার।
গুগল ওয়াই-ফাই
গোলাকৃতির ‘গুগল ওয়াই-ফাই’ রাউটার কর্মক্ষেত্রের চেয়ে বাড়িতে ব্যবহারের জন্য আদর্শ। উন্নত মানের এ রাউটার দিয়ে পুরো বাড়ি একই নেটওয়ার্কের আওতায় আনা যাবে। আপনি বাসায় প্রবেশের সঙ্গে সঙ্গে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
গুগল হোম
গুগল হোম নামের তারহীন ওয়াই-ফাই স্পিকার বাজারে ছাড়ছে গুগল, যাতে নিজস্ব ক্যামেরা রয়েছে। স্পিকারটিতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, যা পিক্সেল ফোনের গুগল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। ‘ওকে গুগল’ বলেই কথা বলা যাবে গুগল হোমের সঙ্গে।
ক্রোমকাস্ট আলট্রা
গুগল তাদের ডিসপ্লে কাস্ট যন্ত্র ‘ক্রোমকাস্ট আলট্রা’ বাজারে ছেড়েছে। যা ফোরকে ভিডিও, এইচডিআর, ডলবি অডিও সমর্থন করবে। এতে এবার বিশেষভাবে ব্রডব্যান্ড সংযোগের পোর্ট দেওয়া হয়েছে।
শাওন খান, সূত্র: দ্য ভার্জ

No comments:

Post a Comment