![]() |
| থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুর শোকে গতকালও ব্যাংককে রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে অনেককে কাঁদতে দেখা যায়। রয়টার্স |
থাইল্যান্ডের
জনগণের কাছে রাজা ভুমিবল আদুলিয়াদেজ অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে
শোকের ধকল সইতে পারেননি অনেকে। অচেতন বা অসুস্থ কেউ কেউ হাসপাতালে চিকিৎসা
নিয়েছেন। ঘটনার পর দুদিন পেরিয়েছে। সরকার বলছে, শোকগ্রস্ত রোগীদের জন্য
হটলাইনে ফোন করে তাৎক্ষণিক সেবার ব্যবস্থা চালু রাখা হয়েছে। মানসিক
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বুনরুয়াং তিরুয়াংউরাওয়াত বলেন, ‘কোনো কোনো
রোগী শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। তাঁদের সঙ্গে কথা বলে শান্ত করছি আমরা।
অন্যদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি।’ গ্র্যান্ড প্যালেসে রাখা হয়েছে রাজা
ভুমিবলের মরদেহ। বাইরে কালো পোশাকে হাজারো লোকের ভিড় ছিল গতকালও। কেউ কেউ
রোদ এড়াতে ছাতা মেলে ছিলেন। অন্যরা হাতপাখা দিয়ে নিজেদের বাতাস করছিলেন।
তবে তাঁদের সবার চেহারায় ছিল শোকের চিহ্ন। নদীতীরের ওই প্রাসাদ ভবনের পাশে
রাখা ছিল বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আর চিকিৎসা তাঁবু।
সংজ্ঞা
হারানো রোগীদের তাৎক্ষণিক সেবা দিতেই এই ব্যবস্থা। মহাপরিচালক বুনরুয়াং
বলেন, রাজার মৃত্যুর পর তাৎক্ষণিক অচেতন প্রায় ২০০ জনকে সেবা দিয়েছে সরকার।
তাঁদের কেউ শোকে, আর কেউ ভবিষ্যৎ-শঙ্কায় অসুস্থ হয়ে পড়েছিলেন। থাই
জনসাধারণ রাজা ভুমিবলকে নিজেদের বাবার মতো মনে করে। ফলে তাঁর মৃত্যুতে
নাগরিকদের এমন বিহ্বলতাকে স্বাভাবিকভাবেই নিচ্ছে কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য
মন্ত্রণালয় সবাইকে এই শোক কাটিয়ে ওঠার জন্য ওয়েবসাইটে পরামর্শ দিয়ে রেখেছে।
বলেছে, কেউ আবেগে ভেঙে পড়লে হটলাইনে ফোন করে জানাতে পারেন। থাইল্যান্ডের
বেশির ভাগ অঞ্চলে মর্যাদাপূর্ণ শোক পালিত হচ্ছে। তবে দু-একটি জায়গায় রাজার
মৃত্যুর খবরে উদ্বেগ ছড়িয়েছে। শোক জানাতে প্রায় সবাই কালো পোশাক পরিধান
করছেন। সরকার কাপড় ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছে, কেউ যেন এই সুযোগে
কালো পোশাকের দাম না বাড়িয়ে দেয়। এ রকম অসাধু তৎপরতা রুখতে বাজারে-বাজারে
পরিদর্শক পাঠিয়েছে কর্তৃপক্ষ। রাজার প্রয়াণে বর্ষব্যাপী শোক ঘোষণা করেছে
থাই সরকার। উৎসব বা উদ্যাপন বন্ধ রেখে কালো বা সাদা পোশাক পরার আহ্বানও
জানিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল সানসার্ন
কায়েওকামনার্দ বলেছেন,
কালো শার্টের
দাম বৃদ্ধির অভিযোগ পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ পরিদর্শক দল পাঠিয়েছে।
ব্যবসায়ীরা দাবি করছেন, কালো পোশাকের চাহিদা বাড়লেও দাম অপরিবর্তিত রয়েছে।
থাইল্যান্ডে কালো রংকে শোকের প্রতীক বিবেচনা করা হয়। আর সাদা সেখানে
শুদ্ধতার চিহ্ন বহন করে। তবে শোকের সময় দুটো রংই পরার প্রচলন রয়েছে। সেখানে
চীনা নৃগোষ্ঠীও শোকের সময় সাদা পোশাক পরে। রাজা ভুমিবলের মৃত্যুর পর
ব্যাংককের প্রায় সবাই কালো পোশাক পরে চলাফেরা করছেন। বিশ্বের সবচেয়ে দীর্ঘ
সময় সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজ বৃহস্পতিবার ৮৮ বছর
বয়সে মারা যান। ১৯৪৬ সাল থেকে অর্থাৎ সাত দশক ধরে থাইল্যান্ডের সিংহাসনে
অধিষ্ঠিত ছিলেন তিনি। দেশের জনগণের হৃদয়েও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে
শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। দেশটির সাম্প্রতিক রাজনৈতিক সংকট সমাধানে তিনি
অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবে বিবেচিত হয়েছিলেন। রাজার মৃত্যুতে
থাইল্যান্ডে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা
হচ্ছে।

No comments:
Post a Comment