যুক্তরাষ্ট্রের
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা
করেছেন বলে সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। ইরানের
একটি ব্যাংককে ট্রাম্প অফিস ভাড়া দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর হিলারি
এর তীব্র সমালোচনা করেন। সোমবার ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী বার্তা সংস্থা
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেসটিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজে
ইরানের ব্যাংক সংক্রান্ত খবরটি প্রকাশ করে। এর পরপরই ডেমোক্রেট দলের
প্রচারণা বিভাগ ট্রাম্পের কড়া সমালোচনা করে বক্তব্য প্রচার করে। হিলারির
প্রচার বিভাগ বলেছে, ট্রাম্প মুখে ইরান বিরোধী বক্তব্য দিলেও তিনি দেশটির
সঙ্গে ব্যবসা করেছেন।
হিলারি নীতিনির্ধারণবিষয়ক উপদেষ্টা জ্যাক জুলিভান
বলেছেন, ট্রাম্প তার আয়কর রিটার্ন প্রকাশ করলে বিষয়টি সম্পর্কে আরও তথ্য
পাওয়া যাবে। আইসিআইজেতে খবরটি প্রকাশের পর মার্কিন গণমাধ্যম এটিকে গুরুত্ব
দিয়ে প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প
বিভিন্ন সময়ে প্রচণ্ড ইরানবিদ্বেষী বক্তব্য দেয়ার কারণে খবরটি ব্যাপক
মাত্রায় প্রচার পেয়েছে। বিশেষ করে তিনি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে
ইরানের পরমাণু সমঝোতার প্রচণ্ড বিরোধিতা করেছেন। ইরানের বিরুদ্ধে বর্তমান
ডেমোক্রেটিক সরকার কেন আরও কড়া ব্যবস্থা নিচ্ছে না সে অভিযোগও করেছেন
ট্রাম্প। তিনি ইরানকে আমেরিকার ‘বড় শত্র“’ বলেও অভিহিত করেছেন। ‘সরকারি
দলিল’ উদ্ধৃত করে আইসিআইজেতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের
ফিফ্থ অ্যাভিনিউতে ‘জেনারেল মটোর্স ভবন’ কেনার সময় থেকেই সেখানে ইরানের
ব্যাংক মেল্লিকে অফিস ভাড়া দিয়েছিলেন ট্রাম্প। ফলে এই ব্যাংকের সঙ্গে তার
নাড়ির সম্পর্ক রয়েছে। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ওই ভবনের ৮,০০০ বর্গ ফুট
জায়গা নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালিয়েছে ব্যাংক মেল্লি। ব্যাংক মেল্লিকে
ট্রাম্প যখন অফিস ভাড়া দেন সেই ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত সময়ে বা তার
পরেও মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় ছিল ইরান। ইরানের এ ব্যাংকটির
পক্ষ থেকে ওই প্রতিবেদন সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

No comments:
Post a Comment