Thursday, October 13, 2016

আলেপ্পোতে রাশিয়া-সিরিয়ার অর্ধশতাধিক বিমান হামলায় নিহত ৮১

আলেপ্পো নগরীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনী ও রাশিয়া অর্ধশতাধিক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৮১ বেসামরিক সিরীয় নিহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বুধবার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়। আলেপ্পোভিত্তিক উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস-এর মুখপাত্র আবু লেইথ জানিয়েছেন, তারা এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন।
সকালের দিকে, ফেরদৌস নামক একটি জায়গার ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় গাইনি ডাক্তার ফরিদার ক্লিনিক ছিল ওই বাজারে। তিনি মার্কিন বার্তাসংস্থা এপি-কে জানান, বাজারের অনেক কিছুই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি যেখান থেকে বাজার করতেন, এখন তার কোনও চিহ্নও নেই বলেও ফরিদা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ।’
আবু লেইথ জানান, কেবল ফেরদৌসেই ৪৫ জন নিহত হয়েছেন। সেখানকার স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগের নার্স মোদার শেইখো আল-জাজিরা-কে বলেন, ‘আমাদের এখানে কেবল তিনজন ডাক্তার এবং আটজন নার্স রয়েছেন। আমরা সব রোগীকে চিকিৎসা দিতে পারছি না।’
আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আলেপ্পোতে আটকা পড়া দুই লাখ ৭৫ হাজার মানুষের জন্য সেখানে এখন কেবল ১১টি অ্যাম্বুলেন্স আর ৩৫ জন ডাক্তার রয়েছেন। আসাদ অনুগত বাহিনী আলেপ্পোতে অন্তত সাতটি দিক থেকে আক্রমণ করছে বলে জানা গেছে।
এর আগে সিরীয় বাহিনী জানিয়েছিল, তারা বিমান হামলার মাত্রা কমাবে, যেন স্থানীয়রা আলেপ্পো ছেড়ে যেতে পারে। তবে আল-জাজিরার বিশেষ প্রতিনিধি জেইনা খোদর জানিয়েছেন, কয়েকদিন বিমান হামলার তীব্রতা কমানো হলেও বেসামরিক মানুষদের আলেপ্পো থেকে বেরিয়ে আসার কোনও করিডোর ছিল না।
>>>বাংলা ট্রিবিউন

No comments:

Post a Comment