Sunday, October 9, 2016

মামলা হয়নি, লাশ মর্গে

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে নিহত সন্দেহভাজন নয় জঙ্গির লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আজ রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার গাজীপুর সিটি করপোরেশন এলাকার হাঁড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযান চলে। হাঁড়িনালে দুজন ও পাতারটেকে সাতজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, নয়টি লাশ উদ্ধার করে গতকালই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত শেষে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হবে।
লাশের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, গতকালের ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। গতকাল র‍্যাব জানায়, হাঁড়িনালে তাদের অভিযানে নিহত দুজন হলেন মো. রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। তাঁরা এই নাম বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছে। এটা প্রকৃত নাম কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানায়, পাতারটেকে তাদের অভিযানে নিহত সাতজনের মধ্যে একজন ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগের ‘অপারেশন কমান্ডার’ ছিলেন। গতকাল শনিবার রাতে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, নিহত সব জঙ্গির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment