Thursday, October 6, 2016

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন আন্তোনিও গুতেরেস

আন্তোনিও গুতেরেস
পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার সাবেক প্রধান আন্তোনিও গুতেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যরাষ্ট্র গুতেরেসের নাম অনুমোদন করেছে। ভোট শেষে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ও জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন সাংবাদিকদের বলেন, পরিষদের অধিকাংশ সদস্য গুতেরেসের প্রার্থিতার ব্যাপারে সমর্থন দিয়েছে। পরবর্তী মহাসচিব প্রশ্নে ছয় ধাপে গোপন বা অনানুষ্ঠানিক ভোট হয়। প্রতিবারই গুতেরেস সবচেয়ে বেশি ‘হ্যাঁ’–সূচক ভোট পেয়ে শীর্ষে ছিলেন।
জানা গেছে, শেষ মুহূর্তে প্রতিযোগিতায় যোগ দেওয়া ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট বুলগেরিয়ার ক্রিস্তালিনা জর্জিয়েভাসহ যে ১৩ জন প্রার্থী সাধারণ পরিষদের সদস্যদের প্রশ্নের জবাব দেন, তাঁদের মধ্যে গুতেরেসের বক্তব্য সবাইকে মুগ্ধ করেছে। তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। জাতিসংঘকে আরও কার্যকর করতে কী ব্যবস্থা নেওয়া দরকার, এই প্রশ্নে গুতেরেস সুনির্দিষ্ট প্রস্তাব ও পন্থা ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে বিভিন্ন কারণে টানাপোড়েন চললেও পরবর্তী মহাসচিব প্রশ্নে এই দুই পরাশক্তি মতৈক্যে পৌঁছালে গুতেরেসের মনোনয়ন নিয়ে সব জল্পনার অবসান হয়। গতকাল মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার সাংবাদিকদের বলেন, গুতেরেসের ব্যাপারে ‘খুব দ্রুত আশ্চর্য রকম মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে।’ আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ গুতেরেসের প্রশ্নে এক আনুষ্ঠানিক ভোটে মিলিত হবে। পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত হলে তাঁর নাম অনুমোদন করে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে। এ মাসের ভেতরেই সাধারণ পরিষদ পরবর্তী মহাসচিবের নির্বাচন শেষ করবে।

No comments:

Post a Comment