বেফাঁস
মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী,
নিজ স্ত্রী হিলারি ক্লিনটনকে বেকায়দায় ফেলে দিয়েছেন সাবেক মার্কিন
প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য পরিষেবা
ব্যবস্থাকে ‘পাগলামি’ আখ্যায়িত করে এর তির্যক সমালোচনা করেছেন। বিল
ক্লিনটনের এ মন্তব্যকে লুফে নিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড
ট্রাম্প। তিনি ‘সৎ অবস্থান নেওয়ার জন্য’ ধন্যবাদও জানান বিলকে। স্ত্রী
হিলারির চেয়ে বক্তা হিসেবে বিল ক্লিনটনের সুখ্যাতি আছে। তবে প্রেসিডেন্ট
নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ আগে তাঁর এই মন্তব্য তাঁর স্ত্রীর জন্য
যথেষ্ট বিব্রতকরই। গত মঙ্গলবার মিশিগানের ফ্লিন্টে ওবামার স্বাস্থ্যনীতির
সমালোচনা করেন বিল ক্লিনটন। সরকারি ও বেসরকারি বিমার অধীন যুক্তরাষ্ট্রের
জটিল স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সমালোচনা করেন তিনি।
২০১০
সালে প্রবর্তিত স্বাস্থ্যনীতির ফলে বিমা নেই, এমন কয়েক লাখ মানুষ
স্বাস্থ্য পরিষেবার আওতায় আসে। তবে স্বনিয়োজিত এবং ছোট ব্যবসায়ীদের জন্য
স্বাস্থ্য পরিষেবার খরচ বেড়ে যায়। ‘ওবামাকেয়ার’ নামে আখ্যায়িত নতুন
স্বাস্থ্যনীতিকে বিল ক্লিনটন ‘পাগলামি’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি
বিশ্বের সবচেয়ে বড় পাগলামির একটি। তবে বিল ক্লিনটন বলেন, স্বাস্থ্য খাতে
হিলারির প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে অনেক বেশি মানুষ এ পরিষেবা
পাবে। বিল ক্লিনটনের সমালোচনাকে লুফে নিয়ে ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনা
রাজ্যে দেওয়া এক নির্বাচনী সভায় বলেন, ‘বিল ক্লিনটন এ ব্যবস্থাকে পাগলামি
বলে আখ্যায়িত করেছেন। তিনি ঠিকই বলেছেন।’ ট্রাম্প আরও বলেন, ‘সৎ অবস্থানে
থাকার জন্য বিল ক্লিনটনকে আমি ধন্যবাদ জানাই।’ এদিকে গত মঙ্গলবারই
পেনসিলভানিয়ায় এক সমাবেশে হিলারি ক্লিনটনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি
ওবামার স্বাস্থ্যনীতি পাল্টাবেন।

No comments:
Post a Comment