Monday, October 17, 2016

আনোয়ারায় একজনকে হত্যা, আটক দুজন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একজনকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপ মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কফিল উদ্দিন (২৪)। ঘটনার পর স্থানীয় লোকজন হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে পুলিশে দিয়েছে।  প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জুঁইদণ্ডীর সাপমারা খালের মাথা এলাকা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘরে ফিরছিলেন কফিল উদ্দিন। এ সময় তাঁরা সাপ মাঝির বাড়ির ঘাটা এলাকায় পৌঁছালে হামলাকারীরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কফিলের মাথায় ইট দিয়ে আঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত কফিলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হামলায় আহত হন কফিলের সঙ্গে থাকা আবুল হাশেম (২৪), মো. সোহেল (২০) ও মো. রুবেল (২০)। হামলার স্থান থেকে কফিলের বাড়ি এক কিলোমিটার উত্তরে খুরুস্কুল গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন জানে আলম (২৩) ও মো. ইউছুপকে (২২) আটক করে পুলিশে দেয়। ঘটনার ব্যাপারে কফিলের বাবা মো. আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করত। এ নিয়ে এলাকায় কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব হয়।’ তাঁর দাবি, তারাই তাঁর ছেলেকে খুন করেছে। ওই বাসায় গিয়ে দেখা যায়, কফিলের মা মনোয়ারা ও স্ত্রী শাহিদা আকতার (২২) বারবার কান্নায় ভেঙে পড়ছেন। কফিলের দুই বছর বয়সী একটি মেয়ে ও ৪০ দিন বয়সী এক ছেলেসন্তান রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী আহত মো. সোহেল বলেন, ‘আমরা ঘরে ফেরার পথে ১০-১৫ জনের একটি দল আমাদের হামলা করে। এ সময় ঘটনাস্থলের দোকানের বাতি নিভিয়ে দেওয়া হয়।’এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নিহত ব্যক্তির ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শিগগিরই তদন্ত শুরু হবে।

No comments:

Post a Comment