Thursday, October 6, 2016

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন রাজনাথ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের সীমান্ত সংলগ্ন চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিরাপত্তাবিষয়ক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার ও শনিবার বৈঠকে বসছেন রাজনাথ। টাইমস অব ইন্ডিয়া জানায়, উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে ভারত অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাবের সীমান্ত অঞ্চল থেকে জনগণকে সরিয়ে নেয়ার বিষয়ে সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। ওই বৈঠকে বিএসএফ এবং গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সেখানে সীমান্ত রাজ্যগুলোর পুলিশ এবং সীমান্তরক্ষীদের মধ্যকার সমন্বয় রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লাহ জেলার উরি সেনাঘাঁটিতে গত ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হন। এরপর ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ২ পাকিস্তানি সেনা ও ৩৮ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর বিপরীতে পাকিস্তান দাবি করে আসছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এতে তাদের দুই সেনা নিহত হয়েছে। দাবির সপক্ষে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে ‘মিথ্যা দম্ভ’ হিসেবে উল্লেখ করেছে। তারাও গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছে অভিযানকে মিথ্যা প্রমাণের জন্য। বিজেপির কালির কবলে কেজরিওয়াল : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সরকারের দাবিকৃত সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ার পর থেকে ক্ষমতাসীন দল বিজেপির তোপের মুখে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রমাণ চাওয়ার নামে কেজরিওয়াল ভারতের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব, সাহস আর ত্যাগকে খাটো করে দেখছেন উল্লেখ করে তার অবস্থানের সমালোচনা করা হয়। এবার সেই ক্ষোভ সহিংসতায় পর্যবসিত হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা কেজরিওয়ালের ওপর মঙ্গলবার কালি নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়, দলের সাবেক কোষাধ্যক্ষ কৃষ্ণকান্ত সেভেদার মায়ের প্রয়াণের খবর পেয়ে রাজস্থানের বিকানেরে সেভেদার বাড়িতে তাকে দেখতে যান দিল্লির মুখ্যমন্ত্রী। রাত ১০টার দিকে ওই বাড়ি থেকে বের হওয়ার সময় তিন তরুণ কেজরিওয়ালের ওপর বোতলসহ কালি নিক্ষেপ করে। সেই কালি কেজরিওয়াল ও আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষের গায়ে গিয়ে পড়ে। কালি নিক্ষেপকারীদের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও দু’জনকে আটক করা হয়। হামলার প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, ‘যারা কালি ছুড়েছে, ভগবান তাদের ভালো করুক, আমি তাদের মঙ্গল কামনা করি।’ তবে এএপির নেতাদের ওপর কালি ছোড়ার ঘটনা নতুন নয়। গত মাসে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ওপর কালি ছোড়া হয়। দিল্লিতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় সিসোদিয়া ইউরোপ সফরে গিয়েছিলেন। সেজন্য তার ওপর ক্ষুব্ধ হয়ে সেই হামলা চালানো হয়।
করাচি ও লাহোরে বিমান চলাচল বন্ধ : পাকিস্তানের করাচি ও লাহোর শহরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ৮ অক্টোবর থেকে করাচি ও লাহোরের আকাশসীমা দৈনিক ১৮ ঘণ্টা বন্ধ থাকবে। এ অবস্থা চলবে ১৩ দিন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি বিমান বাহিনীর জঙ্গিবিমানের মহড়ার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এজন্য ‘পরিচালনাগত কারণ’ দেখিয়েছে পাক কর্তৃপক্ষ। করাচি ভারতের রাজস্থান ও গুজরাট সীমান্তের খুব কাছে। অন্যদিকে লাহোর ভারতের জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের নিকটবর্তী।

No comments:

Post a Comment