![]() |
| ডোনাল্ড ট্রাম্প |
নারীদের ব্যাপারে অশ্লীল ও কুৎসিত
মন্তব্যসংবলিত ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও প্রকাশের পর তাঁর ওপর থেকে
সমর্থন সরিয়ে নিয়েছেন রিপাবলিকান বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। অন্তত ১২ জন
বলেছেন, ট্রাম্পকে তাঁরা ভোট দেবেন না। আজ রোববার বিবিসির খবরে এ তথ্য
জানানো হয়। ২০০৫ সালে ধারণ করা তিন মিনিটের ওই ভিডিওতে ট্রাম্পকে বলতে
দেখা যায়, সুন্দরী মেয়ে দেখলেই তাকে চুমু খেতে তিনি ব্যাকুল হয়ে পড়েন। ‘আমি
সুন্দরী মেয়ে দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। একদম চুম্বকের মতো, একটুও
অপেক্ষা করি না।’ এই বক্তব্যের পর দুঃখ প্রকাশ করেও সমালোচনার ঝড় সামলাতে
হিমশিম খাচ্ছেন রিপাবলিকান এই প্রার্থী। তবে পিছু হটার পাত্র নন ট্রাম্প।
তিনি জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে
তিনি সরবেন না এবং তাঁর সমর্থকদেরও ব্যর্থ হতে দেবেন না।
সর্বশেষ
ট্রাম্পের ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট
পদপ্রার্থী জন ম্যাককেইন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
ম্যাককেইন বলেন, ট্রাম্প যে মন্তব্য করেছেন, এরপর তাঁকে শর্ত সাপেক্ষেও
সমর্থন করাটা অসম্ভব। রাইস বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের
প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তাঁর সরে দাঁড়ানো উচিত।’ নিউ হ্যাম্পশায়ারের
সিনেটর কেলি আয়োট এক বিবৃতিতে বলেন, ‘যে নারীকে অসম্মান করে, আক্রমণ করে,
প্রেসিডেন্ট পদের জন্য এমন একজনকে আমি সমর্থন করতে পারি না এবং করবও না।’ এ
ছাড়া যেসব রিপাবলিকান সমর্থন সরিয়ে নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মেইন
অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স, আলাস্কা অঙ্গরাজ্যের সিনেটর ড্যান
সুলিভান, লিসা মুরকৌসকি, অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর জেফ ফ্লেক, নেভাদা
অঙ্গরাজ্যের ডিন হেলার, ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর মার্ক কার্ক, নেবরাসকা
অঙ্গরাজ্যের সিনেটর বেন স্যাস, আইডাহো অঙ্গরাজ্যের মাইক ক্রাপো, কলোরাডো
অঙ্গরাজ্যের সিনেটর কোরি গার্ডনার, সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে
গ্রাহাম, সাউথ ডাকোটার সিনেটর জন থিউন ও নেবরাস্কার সিনেটর ড্যান ফিশার।

No comments:
Post a Comment