শৈল্পিক ছবি নির্মাণ করলেও এফডিসি ঘরানার প্রতি কখনোই বিরূপ মন্তব্য করেননি অভিনেতা তৌকীর আহমেদ। তাই সব ঘরানার মানুষের কাছে তার প্রতি ভালোবাসা অগাধ। এবার সেই ভালোবাসা ছড়িয়ে গেল সুদূর ইতালিতে। নতুন ছবি ‘অজ্ঞাতনামা’র জন্য ইতালিতে পুরস্কার পেয়েছেন তিনি। ইতালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি। ১৫ অক্টোবর তার হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তৌকীর গণমাধ্যমকে বলেন,
‘আমাদের দেশে অনেক কষ্ট করে বিভিন্ন প্রতিকূলতা পার হয়ে একটি ছবি নির্মাণ করতে হয়। প্রশান্তি তখনই আসে যখন ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়, পুরস্কার জিতে নেয়। আমি মনে করি, এ সম্মান আমার একার নয়। এটা পুরো বাংলাদেশের প্রাপ্য।’ নিজের ছবি পুরস্কারের জন্য মনোনয়নের পেছনের কারণ হিসেবে তিনি জানান, ‘অজ্ঞাতনামা পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কারণ হচ্ছে. মাইগ্রেশন অ্যান্ড কো-এক্সিসটেন্স। বিষয়টি সবারই ভালো লেগেছে। সবাই প্রশংসা করেছেন।’ এ মুহূর্তে তিনি ইতালিতেই অবস্থান করছেন। আজ ওখানকার বাঙালিদের জন্য অজ্ঞাতনামার একটি বিশেষ প্রদর্শনী হবে। এরপর আগামীকাল তিনি দেশের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে অজ্ঞাতনামা ছবিটি কসোভোর চলচ্চিত্র উৎসব ‘দ্য গডেস অন দ্য থ্রোন’-এ সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার এবং ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে।

No comments:
Post a Comment