Tuesday, November 15, 2016

বুলগেরিয়া-মলদোভায় মস্কোপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জয়ী

 রুশ প্রভাব বলয়ের মধ্যে চলে এসেছে পূর্ব ইউরোপের আরও দুই দেশ। বলকান অঞ্চলের বুলগেরিয়া ও মলদোভার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া-সমর্থিত প্রার্থী জয় লাভ করেছে। ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর নতুন দুই দেশে রুশপন্থী সরকার গঠনে এ অঞ্চলে মস্কোর প্রভাব আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার মলদোভার প্রেসিডেন্ট নির্বাচনে রুশপন্থী ইগোর দোদন জয়ী হয়েছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে স্যোসালিস্ট পার্টির প্রধান ৫৫.৩ শতাংশ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ইউরোপপন্থী মাইয়া সান্ডু পেয়েছেন ৪৪.৭ শতাংশ ভোট। ৯৭ শতাংশ ভোট গণনার পর এ ফল পাওয়ায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দোদন।
সেখানে তিনি বলেন, ‘সবাই জানে আমরা জিতেছি।’ স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কথা রয়েছে। গত ১৬ বছরের মধ্যে এ প্রথম মলদোভায় জাতীয় ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্রপ্রধান মনোনীত হতেন। অন্যদিকে বুলগেরিয়ার নির্বাচনে রুশপন্থী জেনারেল রুমেন রাদেভ নির্বাচিত হয়েছেন। আংশিক ভোট গণনার পর দেখা গেছে স্যোসালিস্ট রুদেভ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী পার্লামেন্ট স্পিকার সেতস্কা সাচেভা পেয়েছেন মাত্র ৩৫ শতাংশ ভোট। রুমেন রাদেভ দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান। রাদেভ ন্যাটো জোটের সঙ্গে না থেকে মস্কোর সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী।

No comments:

Post a Comment