Sunday, November 6, 2016

নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসন ব্যর্থ: নাসিম

দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য স্বাধীনতাবিরোধী চক্রই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা ঘটিয়েছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ব্যর্থ উল্লেখ করে তাদের দ্রুত সরিয়ে দেয়ারও দাবি জানানো হয়। রোববার সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাসিম বলেন, এতে কোনো সন্দেহ নেই, তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমনটা করেছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতে যেভাবে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নাশকতা, সহিংসতা, জ্বালাও-পোড়াও প্রতিহত করেছেন এবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন।
ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানান। সেখানে হামলা রোধে প্রশাসনের যারা ব্যর্থ হয়েছেন, তাদের দ্রুত সরিয়ে দেয়ারও দাবি জানান তিনি। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ সম্পর্কে জানতে চাইলে এসময় জোটের সমন্বয়ক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেটা বলেছেন, সেটা অনুমান করে বলেছেন। প্রমাণ সাপেক্ষে ও বাস্তবতা মেনে আমাদের কাজ করতে হয়।’ জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আরও জানান, সোমবার ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও মন্দির পরিদর্শনে যাবেন। এ দলে নেত্বত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।   ১৪ দলের ওই সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment