Wednesday, November 9, 2016

চূড়ান্ত ফলের আগে হিলারির টুইট

যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ডেমোক্রেট শিবিরে যখন হতাশা নেমে এসেছে ঠিক সে মুহূর্তে একটি টুইট করেছেন হিলারি ক্লিনটন। টুইটের সঙ্গে একটি ’মর্মস্পর্শী’ ছবিও রয়েছে। হিলারি তার টুইটে লিখেন, ‘এই দলকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে। যা-ই ঘটুক না কেন আজ রাতে, সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’ আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়, টুইটের সঙ্গে একটি ছবিও রয়েছে। যাতে দেখা যায়, অল্প বয়সী এক মেয়ে সমর্থককে অত্যন্ত আবেগ নিয়ে জড়িয়ে ধরেছেন হিলারি ক্লিনটন। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্লেষকরা বলছেন- হিলারির ‘মর্মস্পর্শী’ এই ছবি নির্বাচনের ফলাফলের প্রতিচ্ছবি বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জয়ের কাছাকাছি রয়েছেন। সর্বশেষ ঘোষিত ফলাফলে ২৬৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। জয়ের জন্য তার আর প্রয়োজন ৪টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ২১৮টি ইলেক্টোরাল ভোট। মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হতে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। নির্বাচনের আগে হিলারির জয়ের সম্ভাবনার সব জরিপকে মিথ্যা প্রমাণিত করে এখন জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

No comments:

Post a Comment