যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন রাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। অল্পের জন্য ওই রাজ্যে জয় পাননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। অবশ্য এ বিষয়ে রিপাবলিকান শিবির থেকে এখনও কোনো বক্তব্য আসেনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন জমা পড়ল। খবর বিবিসির।
গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন এই আবেদন করেন। একই সঙ্গে তিনি মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনরায় গণনারও অনুরোধ করেছেন। এখন উইসকনসিনে পুনর্গণনায় হিলারি ক্লিনটন জয় পেলেও ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না। এখানে মাত্র ১০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। তবে মিশিগানে ১৬টি ও পেনসিলভানিয়ায় ২০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। তাই এই দু'টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটরা জয়ী হলে নির্বাচনের ফল ঘুরেও যেতে পারে। মিশিগানের ভোটের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। পেনসিলভানিয়ায় ভোট পুনর্গণনার শেষ সময় সোমবার এবং মিশিগানে ভোট পুনর্গণনার শেষ সময় বুধবার। ভোট পুনর্গণনার অনুরোধ পেয়েছে জানিয়ে উইসকনসিন ইলেকশন কমিশন টুইট বার্তায় বলেছে, এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

No comments:
Post a Comment