Saturday, November 19, 2016

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে রমনিকে নিয়োগের চিন্তা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিট রমনিকে নিয়োগের চিন্তা করছেন। ট্রাম্পের কট্টর সমালোচক ও কট্টর রুশবিরোধী হিসেবে পরিচিত সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও ম্যাসাচুসেটসের গভর্নর মিট রমনি। রিপাবলিকান দলের প্রার্থিতা পাওয়া নিয়ে ট্রাম্পের বিরোধীতাও করেছিলেন তিনি। তার সেই নিন্দুককেই এখন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসাতে যাচ্ছেন ট্রাম্প। এবিসি নিউজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে। এ খবর প্রকাশের পর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি রমনি।
সিএনএন ও এনবিসির খবরে বলা হয়, চলতি সপ্তাহের শেষের দিকে রমনির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। ওই বৈঠকে রমনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন কিনা বা তিনি এই দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে। এরপরই ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য ট্রাম্প বেশ সম্ভাব্য কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেন। যাদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন, সাবেক টেনেসি সিনেটর বব ক্রুকার, সাউথ ক্যারোলিনার গভর্নর ভারতীয় বংশোদ্ভূত নিকি হলে। এদের মধ্য থেকে কে চূড়ান্তভাবে মনোনীত হবেন তা ট্রাম্প ছাড়া আর কেউ জানে না।
তবে ট্রাম্প কাকে নির্বাচন করবেন এসব নিয়ে সিনেটর বব ক্রুকার সিএনএনকে বলেন, নির্বাচনে ট্রাম্পের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে থেকে কাউকে হয়তো তিনি বাছাই করবেন। আলবামার কংগ্রেস সদস্য ও ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর জেফ সেশনস বলেন, নতুন প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিট রমনিকে যোগ্য মনে করছেন। তিনি আরও বলেন, আমি মনে করি, রমনির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ করাটা ফলপ্রসূ হবে। চলতি বছরের মার্চ মাসে ট্রাম্পকে ‘প্রতারক’ বলেছিলেন মিট রমনি। তিনি আরও বলেছিলেন, ট্রাম্পের বেহুদা কথা আমাদের মিত্রদের জন্য হুমকিস্বরূপ ও শত্র“দের জন্য আরও শত্র“তার কারণ হিসেবে দেখা দিচ্ছে। ট্রাম্পও মিট রমনিকে বলেছিলেন, ২০১২ সালে তিনি একজন দুর্বল রিপাবলিকান প্রার্থী ছিলেন।

No comments:

Post a Comment